এরশাদের দায়ের করা মামলায় বিদিশা গ্রেফতার
জালিয়াতি, অর্থ আত্মসাত, চুরি, হত্যাচেষ্টা ও বাসার আসবাবপত্র ভাংচুরের অভিযোগ এনে এরশাদের দায়ের করা মামলায় রাজধানীর গুলশান থানা পুলিশ শনিবার বিকেলে জাতীয় পার্টি থেকে সদ্য বহিস্কৃত নেত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে।
এরশাদ ও বিদিশা দম্পতির তিন বছরের পুত্র এরিক এরশাদকেও বিদিশার সাথে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে।
পুলিশের উপ কমিশনার (উত্তর) ওবায়দুর রহমান বিডিনিউজকে জানান, এরশাদের দায়ের করা একটি মামলায় বিদিশাকে গ্রেফতার করে গুলশান থানায় নিয়ে আসা হয়।
তিনি জানান, ওই মামলায় বিদিশার বিরুদ্ধে বাড়ির আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
গুলশান পুলিশ জানায়, গুলশানের প্রেসিডেন্ট পার্ক নামক বাসভবন থেকে বিদিশাকে গ্রেফতার করে বিকেল পৌনে ছয়টায় থানায় নিয়ে আসা হয়।
এরআগে গত বৃহস্পতিবার গুলশানেরই শিকদার মেডিকেল নামক একটি ক্লিনিকে চিকিৎসাধীন থাকার সময় ভারত ও পাকিস্তানের রাষ্ট্রদূত তার সাথে দেখা করার পর এরশাদ জাপার প্রেসিডিয়াম সদস্য বিদিশাকে দল থেকে বহিস্কার করেন।
শিকদার মেডিকেলে চিকিৎসা নেওয়ার সময় তার ওপর নজরদারি করতে শুক্রবার সন্ধ্যায় ওই ক্লিনিকে অন্তত ১০ জন পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের নজরদারি এড়িয়ে বিদিশা মধ্য রাতে তার বাসভবনে পৌঁছেন।
পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদ বিদিশার বিরুদ্ধে জালিয়াতির অপরাধে ৪২০ ধারায়, অর্থ আত্মসাতের দায়ে ৪০৬ ধারায়, চুরির অপরাধে ৩৭৯ ধারায় হত্যাচেষ্টার দায়ে ৫০৬ ধারায় এবং ভাংচুরের দায়ে ৪২৭ ধারায় মামলা দায়ের করেন।
গ্রেফতারের পরপরই পুলিশ সাংবাদিকদের নিকট পুরো বিষয়টি গোপন করার চেষ্টা করে। পুলিশ এসময় বিদিশার সঙ্গে কাউকে দেখা করতে দেয়নি।
প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, বিদিশা ওসির রুমে চেয়ারে বসে ছিলেন। এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিতি ছিলেন।
বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানায়, এসময় বিদিশার সাথে একজন মহিলা ডাক্তারসহ দু’জন ডাক্তার ছিল।
গ্রেফতারের পূর্বে তাকে স্যালাইন দেয়া হচ্ছিল। গ্রেফতার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও তার হাতে ব্যাণ্ডেজ দেখা গেছে।
গ্রেফতারের সময় বিদিশা ও তার ছেলে এরিক উভয়ই কাঁদতে ছিল।
এর আগে বিদিশাকে গ্রেফতারের জন্য পুলিশ বাড়ি ঘিরে ফেললে তিনি বাড়ির পাঁচ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। তবে বিদিশার বাবা অধ্যাপক আবু বকর সিদ্দিক তাকে আত্মহত্যা না করার অনুরোধ জানান এবং শান্ত করেন।
রাতে বিদিশাকে থানা হেফাজতেই রাখা হতে পারে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের রাজনৈতিক সচিব ফিরোজ রশিদ, প্রেসিডিয়াম সদস্য শফিউল আলম প্রধানসহ দলের কয়েকজন নেতাকর্মী বিদিশার সঙ্গে দেখা করতে যান। তবে কেবলমাত্র ফিরোজ রশিদকেই তার সঙ্গে দেখা করতে দেয়া হয়।
থানা থেকে বেরিয়ে এসে ফিরোজ রশিদ অপেক্ষমান সাংবাদিকদের বলেন, এরশাদ বিদিশার বিরুদ্ধে মামলা করেছেন কী না সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।
শফিউল আলম প্রধান প্রশ্ন করে বলেন, স্বামী হয়ে এরশাদ কিভাবে তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারেন?
তবে তিনি বিদিশাকে গ্রেফতারের ব্যাপারে সরকারকে দোষারোপ করেন। তিনি বলেন, সরকারের চাপের কারণে এরশাদ বিদিশার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছেন।
