মানুষের জীবন নেওয়ার অধিকার প্রধানমন্ত্রীকে কে দিয়েছে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে র্যাব দিয়ে মানুষ হত্যার অভিযোগ এনে বলেছেন, এভাবে মানুষের জীবন নেওয়ার অধিকার তাকে কে দিয়েছে?
শনিবার বিকালে সুধাসদনে আবাহনী সমর্থক গোষ্ঠীর নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশ্যে দেওয়া বক্ততায় শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামাত জোট যুব সমাজকে অস্ত্র, মাদক ও কালো টাকা দিয়ে তাদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে। প্রধানমন্ত্রী স্বাধীনতা ও মুক্তিযোদ্ধের নাম শুনতে পারেন না বলে ক্রীড়া সংগঠন আবাহনীর প্রতি সরকার বৈরী মনোভাব পোষন করছে। খেলাধুলার সুষ্ঠ পরিবেশ সৃষ্টি হোক সরকার তা চায় না। তারা চায় হত্যা, সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে কালো টাকা বানাতে।
বিরোধী দলীয় নেতা বলেন, দেশে এখন মত প্রকাশেরও স্বাধীনতা নেই।
শেখ হাসিনা বলেন, ক্ষমতাসীন জোট সরকার দু’হাতে দেশকে লুটে নিচ্ছে। প্রধানমন্ত্রী ও তার ছেলেকে ঘুষ না দিলে এখন কোনও ব্যবসা করা যায় না। সরকারের অন্যায়, অবিচার অপকর্ম আর দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ট। এ অবস্থার পরিবর্তন ঘটানো হবে।
অনুষ্ঠানে আবাহনী সমর্থক গোষ্ঠির সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদশা বক্তব্য রাখেন।
