দব্যমূল্য বৃদ্ধিতে জলিলের উদ্বেগ
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি পাওয়ায় শুক্রবার আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল এমপি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় আসার পর থেকে সকল প্রকার দ্রব্যাদির মূল্যবৃদ্ধি ঘটে চলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ।
জলিল বলেন, সম্প্রতি বোরো ধান কাটা সম্পন্ন হওয়ায় এখন চালের দাম কমে যাবার কথা। কিন্তু ঘটছে এর উল্টো।
আওয়ামী লীগ নেতা দেশপ্রেমের অভাব এবং সরকারের ব্যর্থতা, জনগনের প্রতি দায়বদ্ধতার অভাব, ভ্রান্ত নীতি, দুর্নীতি, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের দ্বারা জনগনের অর্থ দেশের বাইরে পাচার-ইত্যাদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ বলে দোষারোপ করেন।
তিনি চাল, ডাল, তেল ,লবণ ও শাক সবজিসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর জন্য দাবি জানান।
