২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোমান ও মহিউদ্দিনের উষ্ণ শুভেচ্ছা বিনিময়

দুই মেরুর দুই রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষমতাসীন দলের আব্দুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আলহাজ্জ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার রাজধানীতে শুভেচ্ছা বিনিময় করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এলজিইডি ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ী ওয়ার্ড কমিশনারদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর দু’নেতার দেখা হলে তারা করমর্দন করেন ও আন্তরিকভাবে আলাপচারিতা করেন। ঘটনাটি উপস্থিত অতিথি ও রাজনৈতিক নেতা-কর্মীদের কাছে ছিলো বাড়তি আকর্ষণের।

কয়েকজন মন্তব্য করলেন, দু’নেতা যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা সবারই অনুসরন করা উচিত, আর এটাই প্রকৃত রাজনৈতিক ব্যবহার। রাজনৈতিক ক্ষেত্রে কিভাবে একে অন্যের প্রতি ব্যবহার করতে হয় এই দু’ নেতার কাছ থেকে তার শিক্ষা নেয়া দরকার।

দুই নেতা শুভেচ্ছা বিনিময়ের সময় চট্টগ্রামের স্থানীয় ভাষায় কথা বলেন। এরপর তারা সাংবাদিকদের সামনে ছবি তোলার জন্য পোজ দেন। এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া দু’ নেতার সাথে ছিলেন।

৯ মে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবিএম মহিউদ্দিন চৌধুরী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মীর নাছির উদ্দিনকে পরাজিত করে তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হন।