২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি গভর্নমেন্টের প্রস্তাব না মানলে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে: মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, দুমাসের মধ্যে সিটি গভর্নমেন্টের প্রস্তাব চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। এর তিন মাসের মধ্যে প্রস্তাব না মানলে আন্দোলনের মাধ্যমে সরকারকে তা মানতে বাধ্য করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বৃহস্পতিবার ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তৃতীয় দফায় নির্বাচিত হওয়ার পর শপথ নিতে ঢাকায় এসে তিনি সাংবাদিকদের এ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার পত্নী মিসেস হাসিনা মহিউদ্দিনও সাথে ছিলেন।

এতে অন্যান্যের মধ্যে সংগঠনের সভাপতি সফিকুল করিম সাবু এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা বক্তব্য রাখেন।

মহিউদ্দিন চৌধুরী তার প্রস্তাবিত সিটি গভর্নমেন্ট ব্যবস্থাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতেও সিটি গভর্নমেন্ট ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে উন্নয়নের মডেল গড়ে তোলা সম্ভব।

তিনি সিটি গভর্নমেন্ট ব্যবস্থার প্রস্তাবিত রূপরেখা তুলে ধরে বলেন, সিটি গভর্নমেন্ট কোনও স্বায়ত্বশাসিত ব্যবস্থা হবে না। এটি স্থানীয় সরকারের মধ্যেই সমন্বিত একটি ব্যবস্থা হবে। সরকার হয়তো একসাথে পুরো ব্যবস্থা কার্যকর করতে পারবে না, তবে এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা সম্ভব। এর মাধ্যমে বিভিন্ন সংস্থার সমন্বয়ে উন্নয়ন কাজ করা হবে।

সিসিসি মেয়র বলেন, ট্যাক্স ছাড়া কোনও শহরের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু সৎ সাহস ও আন্তরিকতা থাকলে ট্যাক্স না বাড়িয়েও শহরের উন্নয়ন করা সম্ভব। সিসিসিতে কোন ট্যাক্স বাড়ানো হয়নি, বরং কমানো হয়েছে। অনেক ক্ষেত্রে ট্যাক্স মওকুফ করা হয়েছে। তারপরও সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে।

এ প্রসঙ্গে তিনি সিসিসি এলাকায় তার উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে যে কোনও ধরনের সহযোগিতাকে স্বাগত জানানো হবে। তবে বিক্রির কোনও সুযোগ থাকবে না। আগে নিজেদের অস্তিত্ব রক্ষা করে তবেই সহযোগিতা নেওয়া হবে।

তিনি চট্টগ্রামের উন্নয়নে সরকারের পদক্ষেপের সমালোচনা করে বলেন, চট্টগ্রাম থেকে দেশের জাতীয় বাজেটের ৭০ শতাংশ আসে। অথচ চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে কোনও বাস্তব চিত্র দেখা যায়না। সরকার যথাযথ পদক্ষেপ নিলে চট্টগ্রামের উন্নয়ন সম্ভব। সরকারের অনুমোদন ছাড়া কোনও উন্নয়ন সম্ভব নয়।

দারিদ্র্য নিরসন কৌশলপত্র প্রসঙ্গে তিনি বলেন, বিদেশ থেকে সাহায্য নেওয়াকে আমরা গর্বের মনে করি। অথচ অন্যের সাহায্য ছাড়াই আমরা দেশের উন্নয়ন করতে পারি। দারিদ্র্য বিমোচনের নামে বিদেশ থেকে আসা টাকা কারও পকেটস্থ না হলে আমরা এতদিন গরিব থাকতাম না। কিন্তু বিদেশ থেকে আসা টাকা লুটপাট হয়ে কোনও কাজে আসছে না।

সাম্প্রতিক সিসিসি নির্বাচন প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগ মনে করে না স্থানীয় সরকার নির্বাচনে কোনও দলীয় প্রার্থী দেওয়া উচিত। তাই সিসিসিকে ট্যাক্স প্রদানকারীরা দলমত নির্বিশেষে নাগরিক কমিটির ব্যানারে আমাকে মনোনয়ন দিয়েছে। এ নির্বাচনেই জনগণ প্রমাণ করেছে, তারা চারদলীয় জোটের পক্ষে নেই।

এ নির্বাচনে শ্রমিক, দিনমজুর ও রিক্সাচালকসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ সমর্থনের জন্যে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।