২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি ও অর্থ আত্মসাৎ মামলায় বিদিশার জামিন মঞ্জুর

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশার বিরুদ্ধে আনা চুরি ও অর্থ আত্মসাৎ মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 04:19 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

মহানগর দায়রা জজ মুমিনুল্লাহ রোববার এই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। ৫০ হাজার টাকা জামানতে ১৪ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে।

বিদিশার বিরুদ্ধে একাধিক পাসপোর্ট রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় তার আইনজীবী ওকালতনামা ও অন্যান্য কাগজ পত্র জমা না দেওয়ায় মামলার শুনানী অনুষ্ঠিত হয়নি।

সূত্র জানায়, তার আইনজীবী পাসপোর্ট মামলায় জামিনের জন্যে সোমবার আদালতে আবেদন করবেন।

মঞ্জুরকৃত জামিনের আবেদনে বিদিশার আইনজীবী উল্লেখ করেন, বিদিশা মারাত্মক মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাচ্ছেন না এবং তার পরিবারের সদস্যরা তাকে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা করাতে আগ্রহী।

বিদিশার পরিবারের সদস্যরা জানান, তার অবস্থা খুবই গুরুতর, আমরা তার জীবন নিয়ে শঙ্কিত।

বিদিশার জামিনের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্র পক্ষের আইনজীবী বলেন, হাই কোর্টের নির্দেশে দেশের সর্বোচ্চ সুবিধা সম্বলিত হাসপাতালে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বিদিশার চিকিৎসা করছে। সুতরাং জামিনের জন্যে কারণ হিসেবে বিষয়টি গ্রহণযোগ্য নয়।

তবে আদালত বিদিশার দুদিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।

বিদিশার পক্ষে অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও অ্যাডভোকেট কামরুজ্জামান মাহবুব এবং রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি গোলাম মোস্তফা খান মামলা পরিচালনা করেন।