বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হামলা, ভাংচুর ও মামলা পাল্টা মামলার ঘটনায় সোমবার জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর আওয়ামী লীগ এবং চৌমুহনী কলেজ ছাত্রলীগের কর্যক্রম স্থগিত করা হয়েছে।
জরুরি সভায় পরস্পরের বিরুদ্ধে দায়েরকৃত পাল্টাপাল্টি তিনটি মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. হানিফ বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত নোয়াখালী না আসা পর্যন্ত বেগমগঞ্জ ও চৌমুহনী পৌর আওয়ামী লীগ এবং ৩০ জুন পর্যন্ত বেগমগঞ্জ উপজেলায় ছাত্রলীগের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এবিএম জাফরউল্লাহ এবং সাধারণ সম্পাদক মামুনুুর রশিদ এর সমর্থকদের মধ্যে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে।এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকসহ ৫৪ জনকে আসামী করে রোববার তিনটি পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়।
