২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনরত আইনজীবীরা হার্ডলাইনে যাওয়ার চিন্তা-ভাবনা করছে

আদালত প্রাঙ্গনে আইনজীবীদের আন্দোলন কর্মসূচীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রেক্ষাপটে আন্দোলনরত আইনজীবীরা কঠোর অবস্থানে যাওয়ার চিন্তা-ভাবনা করছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

নিষেধাজ্ঞা সত্ত্বেও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মঙ্গলবার সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার আন্দোলনরত আইনজীবীরা এ ঘোষণা দেন।

ব্যাপক কর্মসূচি গ্রহণ করার উদ্দেশ্যে ২৪ জুন আন্দোলনরত আইনজীবীরা এক সম্প্রসারিত সভার আয়োজন করেছে। তবে আন্দোলনের প্রকৃতি কী হবে সে সম্পর্কে কিছু তারা জানাননি।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক ব্যারিস্টার আমির উল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশের মধ্য দিয়ে সরকার মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আদালত প্রাঙ্গনে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা কোন বিচার বিভাগীয় আদেশ নয়, বরং প্রশাসনিক নির্দেশ। আদেশটিকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে তিনি বলেন, এতে আদালত অবমাননা আইনের শাস্তির বিধানকে অনুসরণ করা হয়নি। তিনি আরও বলেন, আদালত অবমাননা সংক্রান্ত নতুন আইন প্রণয়ন করতে এ ধরনের আদেশ বাধা হয়ে দাঁড়াবে।