২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: আব্দুল জলিল

বার্তা সংস্থা ইউএনবি’র একটি প্রতিবেদনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, বার্তা সংস্থাটি মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের একটি বক্তব্যের প্রেক্ষিতে আমার দেয়া বক্তব্যকে বিকৃত করে পরিবেশন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 09:39 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

জলিল সাংবাদিকদের বলেন: আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। আমি ইউএনবি’র সাংবাদিককে বলেছি, ‘অত্যাচারী ও অত্যাচারিতদের মধ্যে সমঝোতার কোনও সুযোগ নেই। সমঝোতার জন্য দরকার দু’পক্ষের সমমর্যাদা।’ কিন্তু সংস্থাটি আমাকে উদ্ধৃত করে এর বাইরেও অনেক কিছু লিখেছে যা আমি বলিনি।

আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার হ্যারি কে টমাসের বিদায়ী সাক্ষাত শেষে আব্দুল জলিল সাংবাদিকদের তার প্রতিক্রিয়া জানান।

মঙ্গলবার কূটনৈতিক প্রতিবেদকদের এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বলেছিলেন: জনগণের স্বার্থে বড় দলগুলো একত্র হয়ে কাজ না করলে জনগণ বিকল্প খুঁজবে। আর এর পরিনতি কখনোই ভালো হবে না।

আব্দুল জলিলকে উদ্ধৃত করে বুধবার ইউএনবি সংবাদ প্রকাশ করে যে তিনি বলেছেন, হ্যারি কে টমাসের ওই বক্তব্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল। আমাদের নিজস্ব ব্যাপারে তার নাক গলানো উচিত নয়।