খুলনার পাটকল শ্রমিকরা সরকার বিরোধী আন্দোলনে নামছে
খুলনার হাজার হাজার পাটকল শ্রমিক সরকার বিরোধী আন্দোলনে নামছে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টির ডাকা সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে এ এলাকার অভুক্ত শ্রমিকরা সক্রিয় ও স্বত:স্ফূর্তভাবে সংগঠিত হচ্ছে।
দীর্ঘ চার মাস ধরে জুট মিলগুলো বন্ধ থাকায় এবং কোনও বেতন-মজুরি না পাওয়ায় সাধারণ শ্রমিক-কর্মচারীরা জোট সরকারের ওপর ক্ষুব্ধ।
সূত্র জানায়, বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের (বিজেএমসি) অধীন খুলনায় ৬টি এবং খুলনার পাশে যশোরের নওয়াপাড়ায় ২টি বৃহৎ পাটকল রয়েছে। মিলগুলোয় প্রায় ২৫ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করে।
কিন্তু অর্থ সংকটসহ নানা কারণে মিলগুলো এ বছর ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে বন্ধ হয়ে গেছে। মিল কর্তৃপক্ষের নিকট শ্রমিক-কর্মচারীদের প্রায় সাড়ে ৬ কোটি টাকা বেতন ও মজুরি বাবদ পাওনা রয়েছে।
বেতন-মজুরি না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছে। শিল্প এলাকায় বেশ কয়েকজন শ্রমিক ইতোমধ্যে অনটনে পড়ে মৃত্যুবরণ করেছে বলে শ্রমিকরা জানায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খালিশপুর শিল্প এলাকার শ্রমিকদের মাঝে সরকার বিরোধী উত্তেজনা বাড়ছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিযুর রহমান ভূঁইয়া বিডিনিউজকে বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য আমরা সংগ্রাম করছি। শ্রমিকদের নিয়ে জোট সরকারের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ১৪ জুন হাজার হাজার পাটকল শ্রমিক বকেয়া বেতন-মজুরিসহ ৮ দফা দাবির সমর্থনে বিশাল ঝাড়ু মিছিল করে।
