২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক তিক্ততা গণতন্ত্রকে ছিনিয়ে নিচ্ছে, চরমপন্থীকে উস্কে দিচ্ছে: ইকনমিস্ট

বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধান বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার মধ্যে তিক্ত সম্পর্ক ও বিশ্বাসের অভাব দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে ছিনিয়ে নিচ্ছে বলে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন ম্যাগাজিন ‘ইকনমিস্ট’ তার সর্বশেষ সংখ্যায় উল্লেখ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ইকনমিস্টের এক নিবন্ধে বলা হয়েছে, এই দু’ মহিলা ও দলের মধ্যে তিক্ততা ও বিশ্বাসহীনতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ছিনিয়ে নিচ্ছে এবং চরমপন্থী প্রবণতাকে উস্কে দিচ্ছে।

নিবন্ধে আরও বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে সরকারের কারচুপি প্রচেষ্টার অভিযোগ এনে নির্বাচন বয়কটের হুমকি দিচ্ছে। নির্বাচন বয়কট করলে আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দলের মধ্যে সম্পর্কের অচলাবস্থা সৃষ্টি হবে।

র‌্যাব পুলিশের ক্রস ফায়ারের ব্যাপারে পত্রিকাটিতে বলা হয়, অপরাধীদের হত্যা করে নির্বাচনে জয়লাভের জন্য জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে এ কাজ করা হচ্ছে।

ইকনমিস্ট অধিকার নামের একটি মানবাধিকার সংগঠনের কথা উল্লেখ করে বলে, ২০০৫ সালের প্রথম পাঁচ মাসেই নিরাপত্তা বাহিনীর ক্রস ফায়ারে ১৬৮ জন নিহত হয়।

পত্রিকাটিতে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার কথা উল্লেখ করা হয় যে আওয়ামী লীগ হামলার সাথে সরকারের সম্পৃক্ততার যৌক্তিকতা খুঁজে পেয়েছে।

পত্রিকাটিতে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলা হয় এ ব্যাপারে বেশ কয়েকজন বিএনপি নেতাকে আটক করা হলেও কাউকেই এই অপরাধের ব্যাপারে অভিযুক্ত করা হয়নি।

ইকনমিস্ট আরও বলে, বিএনপি ক্ষমতার অংশীদার তিন শরীক দলের কাছে বন্দি হয়ে পড়েছে। তারা ইসলামী চরমপন্থী দলগুলোর সংঘর্ষের ব্যাপারে একেবারেই অন্ধ ভূমিকা পালন করছে।

আগামী বছরের সাধারণ নির্বাচনের ব্যাপারে ইকনমিস্ট নির্বাচনকে বাংলাদেশের জন্য ‘বার্নিং ইস্যু’ বলে উল্লেখ করে।

নিবন্ধটিতে আরও বলা হয়, সরকার বাংলাদেশে বিদেশী সাংবাদিকদের ভ্রমনে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। বাংলাদেশ আর্ন্তজাতিক সন্ত্রাসী ও ইসলামী চরমপন্থীদের জন্য স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে এ রকম ধারণা আর্ন্তজাতিক গণমাধ্যমে আসার কারণে এ কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

নিবন্ধে মন্তব্য করা হয়, দেশটি মূলত উদার ও সহনশীল অবস্থানেই ছিল। কিন্তু এখন আর সে অবস্থায় নেই। এটাই উদ্বেগের বিষয়।

ম্যাগাজিনটিতে বলা হয় বাংলাদেশ অর্থনীতিতে ৪-৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে ভারতের তুলনায় উন্নতি করেছে। উদাহরণস্বরুপ নারী শিক্ষা ও ক্ষুদ্র ঋণের কথা বলা হয়েছে।

ম্যাগাজিনটিতে আহমদীয়া সম্প্রদায়ের প্রকাশনা বন্ধ ও তাদেরকে অমুসলিম ঘোষণার জন্য ইসলামী ঐক্যজোটের প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়।

ইকনমিস্ট বিদেশি কুটনীতিকদের উদ্ধুতি দিয়ে বলে, বাংলা ভাইয়ের সাথে ইসলামী গ্রুপের সম্পর্ক থাকতে পারে। সবচে’ বড় উদ্বেগের বিষয় হল প্রথমেই বিএনপি এ ব্যাপারে অস্বীকার করে এরপর ফেব্রুয়ারিতে ওই গোষ্ঠিকে নিষিদ্ধ ঘোষণা করে। এক্ষেত্রেও একটি দায়সারা পদক্ষেপ নেয়া হয়।