মাহী বি চৌধুরীকে শহরে ঢুকতে দেয়নি বাগেরহাট পুলিশ, গোপালগঞ্জে মাহী'র সংবাদ সম্মেলন
বিকল্প ধারা বাংলাদেশের নেতা সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে রোববার বাগেরহাট শহরে ঢুকতে দেয়নি পুলিশ। পরে তিনি গোপালগঞ্জ সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তার অভিযোগ তুলে ধরেন।
বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট পৌর মিলনায়তনে বিকল্প ধারা এবং বাগেরহাট সদর ও পৌর যুবদল একই সময়ে সভা আহবান করায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়।
বাগেরহাটে ঢুকতে না পেরে সাংসদ মাহী বি চৌধুরী ও তার সফরসঙ্গীরা বেলা সাড়ে ১১টায় খানজাহান আলীর মাজার জিয়ারত করে ফিরে যান।
সূত্র জানায়, রোববার বাগেরহাট পৌর মিলনায়তনে বিকল্প ধারা বাগেরহাট শাখার কর্মী সভার কর্মসূচি আগে থেকে নির্ধারিত ছিল। পরে একই স্থানে যুবদলও সভার আয়োজন করে। দুদুলের সংঘর্ষের আশংকায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে সভা নিষিদ্ধ করে। আগে ভাগেই যুবদলের নেতাকর্মীরা বাগেরহাট প্রেস ক্লাব এলাকায় মিছিল ও সমাবেশ করে। সাংবাদিকদের সাথে মাহী বি চৌধুরীর মতবিনিময় করার কথা থাকলেও যুবদলের প্রতিরোধের মুখে তারা প্রেস ক্লাব পর্যন্ত পৌঁছুতে পারেননি। পরে তারা খুলনা মহাসড়কে কোর্টের সামনে অবস্থান নিলে একদল উচ্ছৃংখল যুবদল কর্মী বিকল্প ধারার কর্মীদের ওপর হামলা চালায়। বিকল্প ধারা বাগেরহাট জেলা শাখার আহবায়ক বেগ মাহতাব হোসেনকে যুবদল কর্মীরা মারধর করে।
পরে পুলিশ তাদের শহরের চার কিলোমিটার দূর থেকেই ফিরিয়ে দেয়।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরের দিকে তিনি গোপালগঞ্জ সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন মাহী বি চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্প ধারা নেতা মেজর (অব.) শেখ নাদির আহম্মেদ, শেখ শহিদুজ্জামান, ড.আবদুজ জাহের, জাহাঙ্গীর আলম বিপ্লব প্রমুখ।
মাহী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, হাওয়া ভবনের নির্দেশে স্থানীয় এমপির উপস্থিতে যুবদলের ক্যাডাররা আমাদের কর্মী সভা করতে দেয়নি। এ ধরনের আচরণ আমরা আগে কোনো সরকারের কাছ থেকে দেখিনি। এ সরকার সীমা লঙ্ঘন করেছে। তারা ১৪৪ ধারার অপব্যবহার করছে।
তিনি আরও বলেন, সরকারের স্বার্থ হাসিলের জন্যে বিকল্প ধারার ওপর ১১টি ১৪৪ ধারা প্রয়োগ করা হয়েছে। সরকারের চাপের মুখে পৌরসভা কর্তৃপক্ষ বিকল্প ধারার নেওয়া ভাড়া বাতিল করে ব্যাক ডেটে যুবদলকে সম্মেলন করার অনুমতি দিয়েছে।
