ঢাবি ক্যাম্পাসে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের ওপর আবারও ছাত্রদলের হামলা: ১০০ জন আহত
ক্ষমতাসীন বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল মঙ্গলবার আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে। এ হামলায় শতাধিক ছাত্র-ছাত্রী আহত হয়।
গত ২৮ মে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শাম্মী আখতার হ্যাপী সড়ক দুর্ঘটনায় নিহত হবার পর থেকে গত চার দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে।
হ্যাপীর মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পুলিশী হামলা ও ছাত্রদলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে।
মঙ্গলবার ছাত্রদলের হামলার পর কমপক্ষে ২০জন আহত ছাত্র-ছাত্রীকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছে ছাত্রলীগের আনিসুর রহমান, আরমান পাটোয়ারি, সুজাদুর রহমান সুজাত, মারুফ হোসেন আরমান, কাজল রায়, হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মানিরা ইয়াসমিন, জলি তালুকদার, জাহিদ মামুন এবং নাদিরা আরেফিন মোনালিসা, বাংলাদেশ ছাত্র মৈত্রীর রফিকুল ইসলাম সুজন এবং নির্যাতনবিরোধী শিক্ষার্থী চঞ্চয়, মনি ও তারানা হালিম।
দুপুর ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশের পাশ দিয়ে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট মিছিল নিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে হাত বোমা বিস্ফোরিত হয়। বিষ্ফোরণের পরপরই ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়।
ওই সময় ছাত্রদল অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে একটি মৌন মিছিল বের করে।
বিস্ফোরণের পর আতঙ্কগ্রস্ত ছাত্র-ছাত্রী এবং ছাত্রদল ও জোটের নেতা কর্মীরা ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে।
কিন্তু এর কিছুক্ষণ পরেই ছাত্রদল জোট, প্রগতিশীল ছাত্র জোট ও নির্যাতন বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা শুরু করে। হামলায় একশ’রও বেশি আহত হয়।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ছাত্রদলের কয়েকশ নেতা-কর্মী এসময়ে কলাভবন, মধুর কেন্টিন, টিএসসি, ব্যবসায় প্রশাসণ ইন্সটিটিউট, মল চত্তর, ডাকসু প্রাঙ্গন, ছাত্রীদের কমন রুম, শিক্ষক লাউঞ্জে যাকে সামনে পেয়েছে তার ওপরেই লোহার রড ও বাশেঁর লাঠি নিয়ে হামলে পড়েছে।
ছাত্রদলের নেতা কর্মীরা ছাত্রদের খোজে মধুর কেন্টিন, শিক্ষক লাউঞ্জ ও ছাত্রীদের কমন রুম ভাংচুর করে।
বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মারুফা আক্তার পপি বিডিনিউজকে জানান, সাইফুল ইসলাম ফিরোজ হামলার নেতৃত্ব দেন এবং তার নেতৃত্বে ছাত্রদলের নেতা কর্মীরা মধুর কেন্টিনের ঘিরে জলি তালুকদারসহ ছাত্রইউনিয়নের বেশ কয়েকজন নেতা কর্মীকে মারধোর করে।
অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু আইবিএ ভবনে আশ্রয় নিলে সাংবাদিকরা তাকে ছাত্রদলের হাত থেকে উদ্ধার করে।
হাসান মামুনকে দলের পক্ষ থেকে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মীকে উদ্ধারের জন্য পাঠানো হলেও মামুন হামলার নেতৃত্ব দেয় বলে ছাত্রলীগ অভিযোগ করে।
ছাত্রদলের কর্মীরা বিভিন্ন আবাসিক হলের কক্ষ ভাংচুর করে। এর মধ্যে রয়েছে ফজলুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল, একুশে হল ও এএফ রহমান হল। এসবগুলো হলেই ছাত্রলীগরে কর্মীদের অবস্থান বাস রয়েছে। কোন কোন কক্ষে তারা আগুন ধরিযে দেয এবং বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ও সামগ্রী ভাংচুর করে।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগ, বামপন্থী ছাত্র সংগঠনসমূহ এবং সাধারণ ছাত্ররা সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট এর মিছিলে বোমা হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছে। অন্যদিকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ছাত্রদল ছাত্রলীগকে দায়ী করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগই প্রথম হামলা চালায। তারা দায়ী ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে।
বোমা বিষ্ফোরণের সময় শিক্ষক সমিতির কলা ভবনে উপস্থিতির কথা উল্লেখ করে ছাত্রদল অভিযোগ করে, সমিতির চার শিক্ষক সদস্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক হারুন-অর রশীদ, অধ্যাপক একে আজাদ চৌধুরী ও আমিনুর রশিদ এ হামলার উষ্কানি দিয়েছিলেন।
অন্যদিকে শহীদ আসাদ সম্মেলন কক্ষে পৃথক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ অভিযোগ করে ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার করার পর ছাত্রদল কর্মীরাই পুলিশের ভুমিকায় অবতীর্ণ হয়েছে।
দায়ী ছাত্রদল ক্যাডারদের অবিলম্বে গ্রেফতার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় উপাচার্য ও প্রক্টরের আবিলম্বে পদত্যাগ দাবি করে।
ছাত্রদলের পক্ষথেকে ছাত্রলীগকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা প্রসঙ্গে এর সভাপতি লিয়াকত শিকদার বলেন, ক্যাম্পাস কোন একক রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়।
ছাত্রদলের হামলার প্রতিবাদে জোট ২ জুন বৃহস্পতিবার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে।
অপরদিকে, চারুকলায় প্রতিবাদকারী শিক্ষার্থীদের হামলার ঘটনায় গঠিত নয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির তিনজন সদস্য নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
মঙ্গলবার অধ্যাপিকা সাদেকা হালিম, ড. রহমতউল্লাহ এবং অধ্যাপক রফিকুন নবী তাদের নাম প্রত্যাহার করেন। তাদের বক্তব্য, তদন্তের নামে কর্তৃপক্ষ প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতেই এ কমিটি করেছে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শৃংখলা কমিটির চারজন সদস্য ওই ঘটনার বিষয়ে মঙ্গলবার এক জরুরি বৈঠকে মিলিত হন। সদস্যরা হচ্ছেন : অধ্যাপক আমিনুর রশীদ, অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক এবং অধ্যাপক মাহবুবুর রহমান।
