ঢা.বিতে ছাত্রীদের ওপর ছাত্রদলের হামলা প্রধানমন্ত্রীর ক্যাডার বাহিনীর পশুত্বের বহি:প্রকাশ: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের সমাবেশে রোববার ‘ছাত্রদলের সশস্ত্র সন্ত্রাসীদের’ হামলা এবং ছাত্রীদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ ঘটনা সরকারী ছাত্র সংগঠনের ক্যাডারদের পশুত্বের বহি:প্রকাশ।
এক বিবৃতিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে ‘ছাত্রদলের মূল নেত্রী’ অভিহিত করে তার ক্যাডারদের সংযত করার আহ্বান জানিয়ে বলেন, এ হামলা নারী হিসেবে তার জন্যেও লজ্জা ও কলংকের।
শেখ হাসিনা বলেন, শনিবার সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্রী শাম্মী আখতার হ্যাপীর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক-ছাত্র ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর পুলিশ ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানীতে হামলা করে ছাত্রদল ক্যাডাররা ছাত্রী নির্যাতনের মতো ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে।
বিরোধী দলীয় নেতা বলেন, খালেদা জিয়া যখন একাত্তরের ঘাতক দালালদের নিয়ে সরকার চালাচ্ছেন, তখন তার কর্মীরা একই আদর্শে অনুপ্রাণিত হয়ে পাক হানাদার বাহিনীর কায়দায় ছাত্রী নির্যাতন করছে।
শেখ হাসিনা বলেন, প্রতিবাদরত ছাত্রীদের ওপর ছাত্রদল ক্যাডারদের এই পাশবিক হামলা ১৯৮৯ সালের ডাকসু নির্বাচনের পর ছাত্রী মিছিলে ছাত্রদলের হামলা এবং ২০০২ সালে জোট সরকারের নির্দেশে রাতের অন্ধকারে শামসুন্নাহার হলে ছাত্রীদের ওপর পুলিশী হামলার কথা স্মরণ করিয়ে দেয়।
