নরসিংদী-১ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খায়রুল কবির খোকন
আগামী ২২ জুন অনুষ্ঠেয় নরসিংদি-১ আসন উপনির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন।
শুক্রবার বিকেলে বিএনপি’র সংসদীয় বোর্ডে এ মনোনয়ন ঘোষণা দেয়া হয়।
এদিকে বৃহস্পতিবার নরসিংদী-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহনের জন্য সংসদীয় বোর্ড বিএনপি’র সম্ভাব্য ১৩ জন মনোনয়ন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহন করে। কিন্তু বোর্ড তাদের নাম প্রকাশ করেনি।
বিএনপি দলীয় সূত্রে জানা যায়, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে সংসদীয় বোর্ড বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য খায়রুল কবির খোকনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে চার দলীয় ঐক্য জোট প্রার্থী হিসেবে খায়রুল কবির খোকনকে উপনির্বাচনে জয়ী করার জন্য এর নেতা-কর্মীসহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহবান জানিয়েছে।
দেশের উন্নয়নের গতিধারা বজায় রাখার জন্য সংসদীয় বোর্ড নরসিংদী-১ আসনের জনগনের কাছে বিএনপি’র প্রতীক ধানের শীষে ভোট দেয়ার আবেদন জানিয়েছে।
এদিকে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের তত্ত্বাবধায়নে নির্বাচন বয়কটের হুমকি দিয়েছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ নতুন সিইসি নিয়োগকে একক দলীয়করণ সিদ্ধান্ত হিসেবে মনে করে।
আওয়ামী লীগ এ্যাডভোকেট আসাদুজ্জামানকে মনোনয়ন দেয়ার ব্যাপারে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে। শনিবার মনোনয়ন জমা দেয়ার শেষ সময়।
গত ২৭ মার্চ বিএনপি’র সাংসদ শামসুদ্দিন এসাকের আকস্মিক মৃত্যুর ফলে সংসদে উক্ত আসনটি শুণ্য হয়ে পড়ে।
