২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সাবেক সাংসদ শামসুল হকের মৃত্যু

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংসদ ও ময়মনসিংহের প্রবীণ রাজনীতিক শামসুল হক শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 01:26 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শুক্রবার ভোর সোয়া তিনটায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ও হৃদরোগে ভূগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ছাড়াও দুই ছেলে এবং তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার সকালেই তার লাশ ঢাকা থেকে ময়মনসিংহ শহরের পণ্ডিতপাড়ার বাসায় নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহ জেলা ঈদগাহ ময়দানে বাদ জুমআ তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ গ্রামের বাড়ী ফুলপুর উপজেলার তারাকান্দা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু কলেজ চত্বরে দাফন করা হবে।

শামসুল হকের মৃত্যুর খবরে জেলা শহরে শোকের ছায়া নেমে আসে। জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার বাসায় যান এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও লাশ দেখতে তার বাসায় যান জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিএনপি নেতা একেএম মোশাররফ হোসেন, জাতীয় পার্টির (এরশাদ) সংসদীয় দলের নেতা বেগম রওশন এরশাদ, বিএনপির সাংসদ শাহ শহীদ সারোয়ার ও দেলোয়ার হোসেন খান দুলু।

শামসুল হক আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহের ফুলপুর এলাকা থেকে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় জাতীয় সংসদের সদস্য হিসেবে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখেন।

মরহুম শামসুল হক তার বজ্র কন্ঠের জন্য বিখ্যাত ছিলেন।