২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগই সিএনজি অটো রিকশা ড্রাইভার আমির হোসেনকে পুড়িয়ে মেরেছে: মির্জা আব্বাস

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এমপি বৃহস্পতিবার এক বিবৃতিতে শনিবারের হরতালে অগ্নিদগ্ধ সিএনজি অটোরিক্সা চালক আমির হোসেনের মৃত্যুর জন্যে আওয়ামী লীগ ও এর সভানেত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সেই সাথে তিনি এই ঘটনাকে ঠান্ডা মাথার হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন এবং এ বিষয়ে বিএনপিকে দায়ী করে দেওয়া শেখ হাসিনার বিবৃতিকে নাকচ করেছেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিবৃতিতে মির্জা আব্বাস বলেন, মানুষ মেরে লাশ নিয়ে রাজনীতি করা আওয়ামী লীগের জন্যে নতুন নয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনসমর্থনহীন হরতাল পালনে বাধ্য করার জন্য খেটে খাওয়া মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি এ প্রসঙ্গে গত বছর শাহবাগে দোতলা বাসে আগুন ধরিয়ে ১২ জন এবং ১৯৯৫ সালে যাত্রাবাড়িতে একইভাবে ২১ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনা উল্লেখ করে এ জন্য আওয়ামী লীগকে দায়ী করেন।

২১ মে’র হরতালে খিলগাঁও এলাকায় অজ্ঞাত পরিচয় তিন সন্ত্রাসী সিএনজি অটো রিকশা চালক আমির হোসেনের শরীরে এবং তার বাহনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন এবং তার অটো রিকশাটি ভস্মীভূত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চারদিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর অবশেষে বুধবার তিনি মারা যান।