কমিটি থেকে বাদ পড়া আ. লীগ নেতা কর্মীদের বিক্ষোভ
কমিটি থেকে বাদ পড়া আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা কর্মীরা বৃহস্পতিবার কক্সবাজার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ করেছেন। এ সময় বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সার্কিট হাউসে দলের জেলা ও থানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে বৈঠক করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামালউদ্দিন আহমেদ পিয়ারু ও সাবেক জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আহমেদ হোসেনের নেতৃত্বে প্রায় ৪০০ নেতাকর্মী সেখানে জমায়েত হন। জেলার অন্তত: ছয় জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও তাদের সাথে ছিলেন বলে দাবি করা হয়।
এ সময় তারা বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপিকে মৌসুমী নেতা হিসেবে উল্লেখ করে শ্লোগান ও বক্তব্য রাখেন।
বেলা ১ টা পর্যন্ত তারা সেখানে অবস্থানের পর চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিক্ষুব্ধ নেতা কামালউদ্দিন পিয়ারু বিডিনিউজকে জানান, সালাউদ্দিন টাকার প্রভাবে জেলা কমিটিসহ অন্যান্য কমিটিগুলোতে তার লোকদের ঢুকিয়েছে। এদের মধ্যে বিএনপির পক্ষে কাজ করা অনেক লোক রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, এসব নেতা দলের জন্য কোন কাজ করে না। তারা দলের পদ নিয়ে ব্যবসা করে।
