টঙ্গীর রাজনৈতিক হালচাল: কোন্দল, রেষারেষি সকল দলেরই সাধারণ বৈশিষ্ট্য
টঙ্গীতে রাজনৈতিক দলগুলোর কর্মকান্ড দিন দিন ঝিমিয়ে পড়ছে। স্থানীয় ও জেলা পর্যায়ে নেতৃত্বের কোন্দল, যোগ্য নেতৃত্বের অভাব, রাজনৈতিক সংঘাত এবং পরিশেষে ব্যক্তিগত রেষারেষির কারণে প্রায় সব দলেরই সাংগঠনিক কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে।
ফলে সাধারণ সমর্থকরা স্ব-স্ব দলের নেত্বত্বের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে, তারা ভরসা খুঁজে পাচ্ছে না। এছাড়া দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধের নামে র্যাব অভিযানের কারণে কমবেশি সকল দলের নেতাকর্মীই গা ঢাকা দিয়েছে। বিএনপি ক্ষমতাসীন হওয়া সত্ত্বেও দলীয় কার্যক্রমকে পুরোপুরি সফল করতে পারছে না।
সুত্র জানায়, গাজীপুর ও টঙ্গী সদর নিয়ে গঠিত গাজীপুর-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে গত বছর মনোনয়ন পাওয়ার ব্যাপারে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান বিএনপি থেকে দলের পক্ষে মনোনয়ন না পাওয়ায় দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়। অধিকাংশ নেতাকর্মী এমএ মান্নানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাবি করলেও কেন্দ্রীয়ভাবে আলহাজ্ব হাসান উদ্দিন সরকারকে চার দলীয় ঐক্যজোট প্রার্থী হিসেবে দলীয়ভাবে মনোনয়ন দেয়া হয়।
সে কারণে জোট প্রার্থীকে সমর্থন না করে অধ্যাপক এমএ মান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টারের পুত্র জাহিদ আহসান রাসেলের নিকট বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে স্বতন্ত্র প্রার্থী হলেও অধ্যাপক এমএ মান্নান বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের চেয়ে বেশি ভোট পান এবং দ্বিতীয় স্থান দখল করেন। হাসান উদ্দিন সরকার তৃতীয় স্থান লাভ করেন।
আওয়ামী লীগের প্রার্থী জাহিদ আহসান রাসেল প্রায় ১ লাখ ২৮ হাজার ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
বিগত প্রায় ১২ বছর ধরে দলীয় কোন্দলের কারণেই গাজীপুর জেলা বিএনপি’র জেলা কমিটি, থানা কমিটি এবং ইউনিট কমিটি নেই। এ পর্যন্ত সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির কোনও নতুন কমিটি গঠিত হয়নি। পূর্বের কমিটির মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে। আর একারণেই জেলা বিএনপি ৩/৪টি গ্রুপে বিভক্ত হয়ে গেছে এবং দলীয় কার্যক্রমে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
এদিকে আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব শুরু হয় বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে। নির্বাচনে এলাকার সংসদ সদস্য হিসেবে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে আওয়ামী লীগ প্রার্থী বিজয় ছিনিয়ে নেয়। কিন্তু দলের ভেতর অন্তর্দ্বন্দ্ব ক্রমেই বৃদ্ধি পেয়ে প্রকাশ্য রূপ লাভ করেছে।
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের পর বহু নেতাকর্মী গ্রেফতার, হামলা-মামলা, জেল-জুলুমসহ বিবিধ রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েও দলীয়ভাবে কোনও সহানুভূতি পায়নি বলে অনেক নেতাকর্মী অভিযোগ করেছেন। গত নির্বাচনের পর কার্যত আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।
বিগত হরতালগুলোতেও নেতাকর্মীরা স্বত:স্ফূর্তভাবে মাঠে নামেনি বলে দলীয় পর্যায়েই অভিযোগ রয়েছে। যার ফলে টঙ্গী ও গাজীপুরে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে দলের সমর্থক ও সাধারণ কর্মীরা দিন দিন হতাশ হয়ে পড়ছে।
দেশব্যাপী সন্ত্রাস বিরোধী সেনা অভিযান ’অপারেশন ক্লিন হার্ট’ শুরু হওয়ার পর প্রতিটি রাজনৈতিক দলের কার্যক্রম একেবারে ঝিমিয়ে পড়েছিল।
সেনা অভিযানের সময় জাতীয় পার্টি (এরশাদ) টঙ্গী থানার সাধারণ সম্পাদক আসাদ সিদ্দিকী ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের ছেলে বিপ্লব সরকার ও বিশিষ্ট মদ ব্যবসায়ী বহর আলীকে সেনা বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছিল। সেই সময় অন্যান্য দলীয় নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিল। পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী, সন্ত্রাসী, চাঁদবাজরা ভয়ে টঙ্গী-গাজীপুর ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল।
গত বছর ৭ মে আওয়ামী লীগ নেতা ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাষ্টার এমপিকে দিবালোকে প্রকাশ্যে সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে খুন করে। ১৪৫ কার্যদিবস পর ওই মামলার রায় ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-২-এ ঘোষণা করা হয়। রায়ে কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকার ও কেন্দ্রীয় ছাত্র সমাজ নেতা নূরুল ইসলাম দিপুসহ ২২ জনকে মৃত্যুদন্ড প্রদান করা হয়।
খুন ও খুনের রায় দুটোকে ঘিরেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। মামলার রায় ঘোষণার পর টঙ্গী-গাজীপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করে। বিএনপির মিছিলকারীরা টঙ্গী পৌর চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজমত উল্লাহ খানের কার্যালয়ে ঢুকে তার গাড়ি ভাংচুরসহ এক কর্মচারীকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে।
এ হামলার প্রতিবাদে পৌর চেয়ারম্যান বাদী হয়ে বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারকে হুকুমের আসামী করে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন।
বর্তমানে র্যাবের সন্ত্রাস দমন অভিযান চলছে, এ কারণে বহু সন্ত্রাসী টঙ্গী এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
অপরদিকে রাজনৈতিক সহনশীলতা বলতে তেমন কোনও জিনিষ টঙ্গীর রাজনীতিতে নেই। মূল দুই দলের নেতা-কর্মীরা পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন। টঙ্গীর আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। সবশেষে বলা যায় টঙ্গীর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই হতাশাব্যঞ্জক।
