২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতারকৃত ৪ আসামীর জামিন নামঞ্জুর

হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত আওয়ামীলীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি নেতা কাইউমসহ চারজন আসামীর জামিনের প্রার্থণা করলে শনিবার আদালতের বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করেন। আদালত এই মামলায় পলাতক দুজন আসামীর মালামাল ক্রোক ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

মামলার বাদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান চার্জশিট শুনানীকালে  আদালতকে বলেন, চার্জশিটে গ্রেনেডের উৎস কোথায় তা উল্লেখ করা হয়নি। কাইউয়কে এ গ্রেনেড কে দিয়েছে, তদন্তে তার জবাব থাকা দরকার ছিল।

এদিকে আদালতের বিজ্ঞ বিচারক আতাউর রহমান উভয়পক্ষের  এক ঘণ্টাব্যাপী শুনানী শেষে হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেন এবং অপর বিষ্ফোরক মামলাটি স্পেশাল জজশীপে স্থানান্তর করেন।

আদালত এ মামলায় পলাতক চার্জশিটভূক্ত আসামী মহিবুর রহমান ও কাজল মিয়ার মালামাল ক্রোক ও তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন।

কিবরিয়া হত্যা মামলার গ্রেপ্তারকৃত আটজন আসামীর মধ্যে প্রধান আসামী  একেএম আব্দুল কাইউম মৌলভীবাজার জেলা কারাগারে, জয়নাল আবেদীন মোমিন সিলেট কেন্দ্রীয় কারাগারে এবং অপর ৬ আসামী হবিগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছে।