২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনা সেরনিয়াবাতের চেহলাম অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেজ বোন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফুফু এবং সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মীনি মোসাম্মাৎ আমিনা সেরনিয়াবাতের চেহলাম শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

এ উপলক্ষে বাদ জুম্মা ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয় চেহলাম অনুষ্ঠানে অংশ নেন।

শেখ হাসিনা দুপুর দেড়টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আসেন। তিনি এখানে বসেই দোয়ায় অংশগ্রহণ করেন।

চেহলাম উপলক্ষে বঙ্গবন্ধু ভবন চত্বরে মহিলা ও পুরুষদের জন্যে নির্মিত পৃথক দু’টি প্যাণ্ডেলে সজিব ওয়াজেদ জয় ছাড়াও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মহিউদ্দিন খান আলমগীর, মরহুমার ছেলে আবুল হাসানাত আব্দুল্লাহ্, মোহাম্মদ হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শেখ হেলাল উদ্দিন, জাহিদ আহসান রাসেল এমপি প্রমুখ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

আমিনা সেরনিয়াবাত দীর্ঘ অসুস্থতার পর গত ২৪ মার্চ ৮১ বছর বয়সে ধানমণ্ডির বাসায় ইন্তেকাল করেন।