২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনে আচরণ বিধির ব্যাপারে ইসি উদাসীন, অভিযোগ কমিশনার প্রার্থীদের

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলা নিশ্চিত করার ব্যাপারে নির্বাচন কমিশনের উদাসীনতার অভিযোগ করেছেন কমিশনার প্রার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

শুক্রবার সকালে নগরীর মুসলিম হল ইনস্টিটিউটে নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রার্থীরা এ অভিযোগ করেন।

এতে সংরক্ষিত মহিলা আসনের জন্য ৮৩ জন মহিলা প্রার্থীসহ প্রায় সকলেই উপস্থিত ছিলেন। সিসিসি নির্বাচনে সর্বমোট ৪০৮ জন প্রার্থী কমিশনার পদসমূহের জন্য প্রতিদ্বন্দিতা করছেন।

সভায় বেশ কয়েকজন কমিশনার প্রার্থী অভিযোগ করেন, আচরণবিধিতে প্রতি প্রার্থীর জন্য সাধারণ ওয়ার্ডে চারটির বেশি ক্যাম্প না করার কথা বলা হয়েছে। অথচ প্রায় প্রত্যেক প্রার্থীরই পক্ষে চারটির বেশি নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে আলোক সজ্জাও করা হয়েছে।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও সংশয় প্রকাশ করেন কমিশনার প্রার্থীরা। এবং কারচুপির সুযোগ এড়াতে বুথওয়ারী ভোট গণনা করার প্রস্তাব দেন।

অভিযোগের জবাবে রিটার্নিং অফিসার গোলাম কুদ্দুস বলেন, নির্বাচন বিধি লংঘিত হচ্ছে কিনা তা দেখার কাজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আচরণবিধি পর্যবেক্ষণে সাতটি টিম গঠন করা হয়েছে। কোন এলাকায় আচরণবিধি লংঘিত হলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত টিমকে মামলা করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

তবে উপনির্বাচন কমিশনার লুৎফর রহমান বিশ্বাস বুথওয়ারি ভোট গণনার প্রস্তাব নাকচ করে দেন।