আজাদের প্রতি বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধাঞ্জলি
বিদেশি কূটনীতিকরা বৃহস্পতিবার বাংলাদেশে প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
শোক বইতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী লেখেন, বাংলাদেশের জনপ্রিয় নেতা আজাদের মৃত্যুতে দেশ ও দেশের বাইরে শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করবে। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রির পরিবার ও শুভাকাঙ্খিদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
কলাবাগানের বাড়িতে রক্ষিত মরহুমের কফিনে অন্যান্য কূটনীতিকদের সাথে আনোয়ার চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়ে তারা নিহত নেতার মরদেহের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শোক বইতে নিজেদের মতামত লেখেন।
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জুডিথ কামাস লেখেন, বাংলাদেশের মহান নেতা ও প্রথম পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে আমাদের আন্তরিক সমবেদনা গ্রহণ করুণ। নিজস্ব গণ্ডিতে মানুষের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার ও প্রিয়পাত্র ছিলেন।
শোক বইতে বাংলাদেশ ডিপ্লোমেট কর্পের ডীন মোহাম্মদ সাহতা জারাব আরবী ও ইংরেজীতে লেখেন, বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকবৃন্দ ও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি বাংলাদেশের জন্য সংগ্রামী এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ এস ম্যালগিনভ লেখেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামী ও বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্থপতি আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে মন্ত্রী সি এস সিনহা মরহুম নেতার বাসায় যান। তিনি লেখেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন মহান নেতা এবং ভারত একজন ভাল বন্ধু হারাল। ব্যক্তিগতভাবে তাকে আমি ভুলব না।
সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ দলের প্রথম সারির নেতাদের সাথে মরহুম নেতার বাসায় যান এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপণ করেন। শোক বইতে এরশাদ লেখেন, এই মহান নেতার মৃত্যুতে আমরা গভীর শোকাহত এবং জাতি চিরদিন তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
