২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই মুহুর্তে রাজনীতিতে না আসলেও জয় বলেছেন “জনগন তরুণ নেতৃত্ব প্রত্যাশা করে”

সংসদে বিরোধী দলের নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় সোমবার আবার পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন যে রাজনীতিতে আসার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেননি তিনি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জয় বলেন, রাজনীতিতে আসার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেইনি। তিনি বলেন দেশের জনগন তরুণ নেতৃত্ব প্রত্যাশা করছে। তিনি মনে করেন তরুণ নেতৃত্বই জনগনের আকাংখা পূরণ করতে সক্ষম হবে।

জেলার পীরগঞ্জ উপজেলার নিভৃত পৈতৃক ভিটা ফতেহপুর গ্রাম পরিদর্শনের প্রাক্কালে তাকে রাজনীতিতে আসার ব্যাপার বিভিন্ন ভাবে প্রশ্ন করা হয়।

পরবর্তী নির্বাচনে তিনি রংপুর এলাকা থেকে নির্বাচনে অংশগ্রহন করবেন কিনা এক প্রশ্নের জবাবে জয় বলেন, যদি জনগন চায় তাহলে তা ভবিষ্যতের জন্য রেখে দেওয়াই ভালো, কিন্তু এ মূহুর্তে আমি কোনও ধৃরনের সিদ্ধান্ত নিতে পারছি না।

বিরোধী দলের নেতার একমাত্র ছেলে জয় আরও বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে দেশের জনগন ব্যাপক পরিবর্তন দেখতে পাবে।

প্রথমবারের মতো জনসভায় ভাষণদানকালে জয় রাজনীতি নিয়ে কোন ধরনের মন্তব্য করেননি।

জেলার লালদীঘি স্কুল মাঠে বিশাল সমাবেশে আবেগ আপ্লুত কন্ঠে তিনি আরও বলেন, আমার মনে হয়, মানুষ তাদের ভালবাসা আমার জন্য রেখে দেবে।

প্রখর রৌদ্রে অপেক্ষমান বিশাল জনতার উদ্দেশ্যে রংপুরের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, আমি আপনাদের কাছে আবার ফিরে আসব।

রংপুর থেকে ৩৫ কিলোমিটার দূরবর্তী গ্রামে মা শেখ হাসিনার সাথে যাওয়ার পথে হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের স্বাগত জানায়।

জয় মা সহ পিতামহ আব্দুল কাদের মিয়া এবং মাতামহ ময়জুন্নেসার কবরে ফাতেহা পাঠ করেন।

জয়ের পিতা ড. ওয়াজেদ আলী মিয়া অসুস্থতার কারণে তাদের সফরসঙ্গী হতে পারেননি।

ফতেহপুর গ্রামের টিনের চাল ও মাটির দেয়ালের বাড়িটিতে প্রবেশের সময় মা ও ছেলেকে ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করা হয়।