মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইসলামী ঐক্যজোট প্রার্থী
ইসলামী ঐক্যজোট (আমিনি) প্রার্থী এম ইকবাল বিন ইয়াকুব চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এ ব্যাপারে ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনি বিডিনিউজকে বলেন, বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী অনুরোধ করায় আমরা আমাদের প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছি।
তিনি বলেন, একসাথে চলতে গেলে ভুল বোঝাবুঝি ও ঝগড়াবিবাদ হতে পারে। কিন্তু এ কারণে চার দলীয় জোট ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।
আমিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর অনুরোধের প্রতি সম্মান দেখিয়েছি। আমাদের প্রার্থীও বিষয়টি বুঝতে পেরেছে এবং এখন তিনি জোট প্রার্থী মীর মোহাম্মদ নাছিরের পক্ষে কাজ করতে প্রস্তুত।
সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম জিহাদি এবং ৮২নং ওয়ার্ড কমিশনার প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা ওয়ার্ড কমিশনার পদে ৩ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়।
প্রার্থীতা প্রত্যাহারের পর আগামী মাসের ৯ তারিখে অনুষ্ঠেয় মেয়র নির্বাচনে মোট ১৯ জন প্রার্থী মোকাবেলা করবে। অন্যদিকে ওয়ার্ড কমিশনার প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ জন এবং মহিলা ওয়ার্ড কমিশনার প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জন।
মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রিটার্নিং অফিসার এম গোলাম কদ্দুসের কার্যালয়ে সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
