রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব পরিবর্তনের কোনও বিকল্প নেই: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার বলেছেন দেশ ও জাতির হারানো গৌরব ফিরে পেতে হলে রাষ্ট্র পরিচালনায় নেতৃত্বের পরিবর্তন ছাড়া কোনও বিকল্প নেই।
তিনি দলের বনানীর কার্যালয়ে নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের দু শতাধিক নেতা কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
এরশাদ বলেন, সরকারের ব্যর্থতা আর প্রশাসনের অযোগ্যতার কারণে দেশ ব্যর্থ, দুর্নীতিগ্রস্ত ও সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় স্থান পেয়েছে। দেশবাসীর এই কলংক মুছতে হলে জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে বলে তিনি দাবি করেন।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান সভায় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, কেন্দ্রীয় নেতা আ ন ম শাজাহান প্রমুখ। যোগদানকারীদের মধ্যে ছিলেন চাটখিল উপজেলা বিএনপি, আওয়ামী লীগ ও ফ্রিডম পার্টির সাবেক নেতা ও কর্মীবৃন্দ।
