রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস
যথাযোগ্য মর্যাদায় রোববার দেশব্যাপী ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হবে। ১৯৭১ সালের এই দিনে সীমান্তশহর মেহেরপুরের বৈদ্যনাথতলার আম বাগানে বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ বৈদ্যনাথতলা পরবর্তীতে মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। এখান থেকেই শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়।
২৫ মার্চের কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানী হানাদারদের হাতে বন্দি হলে সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
তাজউদ্দিন আহমেদের প্রধানমন্ত্রীত্বে এই সরকার ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পনের মাধ্যমে বাংলাদেশের বিজয় সূচীত হওয়া পর্যন্ত নয় মাস দীর্ঘ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়।
সরকার গঠনের পর পুলিশ’র একটি দল গার্ড অব অর্নার প্রদান করে। সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতি হিসেবে এতে সালাম গ্রহণ এবং জাতীয় পতাকা উত্তোলন করেন।
দেশব্যাপি দিনটি পালনের জন্য আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু এভিনিউ-এ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং বিকেল ৩টায় পল্টন ময়দানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় শেখ হাসিনা বক্তব্য রাখবেন।
মুজিবনগরে এ দিবসটি পালনের ব্যাপক কর্মসূচী গ্রহ করা হয়েছে। মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল পৌনে ১০টায় গার্ড অব অর্নার প্রদান করা হবে। জনসভা এবং সংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়।
মুজিবনগর দিবস উপলক্ষ্যে এক বার্তায় শেখ হাসিনা বাংলাদেশের অভ্যুদয়ে মুজিবনগর সরকারের মূল্যবান অবদানের কথা স্মরণ করেন।
তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, কামরুজ্জামান এবং মুজিবনগর সরকারের অন্যান্য ব্যক্তিবর্গের নাম।
শেখ হাসিনা মুজিবনগর সরকারের অধীনে সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং মাতৃভূমিকে স্বাধীন করার জন্য উৎসর্গিত সকল মানুষের কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
