জাবি ডীন,সিন্ডিকেট, অর্থকমিটি, শিক্ষক পর্ষদ ও সিনেট নির্বাচনে উপাচার্য সমর্থক প্যানেলের জয়লাভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত ডীন, সিন্ডিকেট, অর্থ কমিটি, শিক্ষক পর্ষদ ও সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে উপাচার্য সমর্থক প্যানেল অধিকাংশ পদে জয়লাভ করেছে।
নির্বাচনে উপাচার্য সমর্থক প্যানেল ৪টি ডীন, ৩টি সিন্ডিকেট সদস্য, ৫টি শিক্ষা পর্ষদ সদস্য এবং অর্থ কমিটিতে বিজয়ী হয়েছে। অন্যদিকে সাদা প্যানেল হিসেবে পরিচিত জাতীয়তাবাদী প্যানেল ২টি সিন্ডিকেট সদস্য এবং ১টি শিক্ষা পর্ষদ সদস্য পদে বিজয়ী হয়।
চারটি অনুষদের ডীন নির্বাচনে উপাচার্য সমর্থক আওয়ামী পন্থি এবং বিএনপির একাংশ শিক্ষকদের যৌথ প্যানেল জাতীয়তাবাদী গনতান্ত্রিক শিক্ষক পরিষদের সাদা প্যানেলকে হারিয়ে সব কয়টি পদে জয়লাভ করে।
ডীন পদে বিজয়ীরা হচ্ছেন কলা ও মানবিক অনুষদে অধ্যাপক মো.নাসির উদ্দিন, গণিত ও পদার্থ বিষয়ক অনুষদে অধ্যাপক মাহমুদা গনি আহমেদ, সমাজ বিজ্ঞান অনুষদে অধ্যাপক আমিন মোহাম্মদ আলী এবং জীব বিজ্ঞান অনুষদে অধ্যাপক মো. শাহাবুদ্দিন কবীর চৌধুরী।
যৌথ প্যানেলের সিন্ডিকেটে সদস্য পদে বিজয়ীরা হচ্ছেন প্রভোষ্ট ক্যাটাগরিতে ড. নঈম সুলতান, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মো. কামরুল আহসান ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে খায়রুজ্জাহান মিতু। সিন্ডিকেটে সাদা প্যানেলের বিজয়ীরা হচ্ছেন অধ্যাপক ক্যাটাগরিতে আফম ওবাদুর রহমান ও প্রভাষক ক্যাটাগরিতে ফকরুদ্দিন আলী আহমেদ।
শিক্ষক পর্ষদ সদস্য পদে যৌথ প্যানেলের বিজয়ীরা হচ্ছেন সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ড. মঞ্জুর ইলাহী ও ড.মো.খবির উদ্দিন এবং সহকারি অধ্যাপক ক্যাটাগরিতে মো.আবুল কালাম, মো. মোকাম্মেল হোসেন ও মো. কামরুজ্জামান জয়লাভ করেন। শিক্ষক পর্ষদ সদস্য পদে সাদা প্যানেল থেকে একমাত্র ড.মো. তালিম হোসেন জয়লাভ করেন।
অর্থ কমিটির সদস্য পদে জয়লাভ করেন যৌথ প্যানেলের অ্যধাপক মো.নুরুল হক।
