২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কোষাগার'র অর্থে জনসভার নামে দলীয় নির্বাচনী প্রচারণা বন্ধ করুন: প্রধানমন্ত্রীর উদ্দেশে আ. জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, সরকারি কোষাগার থেকে অর্থ ব্যয় করে জনসভার নামে দলের পক্ষে নির্বাচনী প্রচারণা বন্ধ করুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার বাগেরহাটের জনসভায় অসত্য ও মনগড়া তথ্য দিয়ে জনগণকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে তিনি অভিযোগ করেন।

আব্দুল জলিল সাভারের বাইপাইল ট্রাজেডিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, আওয়ামী লীগ ১৫ এপ্রিল দেশব্যাপি শোক দিবস পালন করবে। তিনি এদিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।

আওয়ামী লীগ জেলা পর্যায়ে গডফাদার সৃষ্টি করে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি  বলেন, প্রধানমন্ত্রী বাগেরহাটের যে জনসভায় বক্তব্য দেন, তার সভাপতিত্ব করেছে একজন গডফাদার। যার বিরুদ্ধে আওয়ামী লীগের ফরহাদ, আলীম ও সাদু চেয়ারম্যান হত্যার অভিযোগ রয়েছে। ওই গডফাদারই সাবেক প্রতিমন্ত্রী মোজাম্মেল হককে হত্যার চেষ্টা করেছিল। বিএনপির নেতা আউয়ালকে হত্যার জন্যও ওই নেতাই দায়ী।

তিনি বলেন, সারাদেশে যখন সরকারের মন্ত্রী-এমপিদের প্রাইভেট বাহিনী সন্ত্রাস চালাচ্ছে, তখন প্রধানমন্ত্রী কোন মুখে বলেন, আওয়ামী লীগ গডফাদার সৃষ্টি করছে?

এ প্রসঙ্গে তিনি ফেনীতে প্রধানমন্ত্রীর ভাই সাঈদ ইস্কান্দার, ভোলায় হাফিজ ইব্রাহিম, মানিকগঞ্জে চীফ হুইপের পুত্র পবন, নাটোরে মন্ত্রী ফজলুর রহমান ও দুলু, নওগাঁয়ে মন্ত্রী আলমগীর কবির ও চট্টগ্রামে সাকা চৌধুরীর বাহিনী সন্ত্রাস করছে বলে অভিযোগ করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকারকে দেশ পরিচালনায় ব্যর্থতার দায় স্বীকার করে জনগণের দাবি মেনে নিয়ে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

আব্দুল জলিল বলেন, সরকার দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সরকার প্রধান জোটের দুঃশাসন, সন্ত্রাস, দুর্নীতি, দলীয়করণের দায় এড়াতে আওয়ামী লীগের কাঁধে দোষ চাপানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের আসন সংখ্যা আরও কমবে বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে আব্দুল জলিল বলেন, এতোই যদি সাহস ও আত্মবিশ্বাস থাকে, তাহলে জোট সরকার পদত্যাগ করে নির্বাচনের পরীক্ষায় আসতে ভয় পাচ্ছে কেন? তারা পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে উঠেপড়ে লেগেছে কেন? কারচুপির মতলব না থাকলে প্রধানমন্ত্রী কি করে জানেন, আওয়ামী লীগের আসন কমবে?

এ সময় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, ড. মহিউদ্দিন খান আলমগীর, মুকুল বোস, আব্দুল মান্নান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অধ্যাপিকা নাজমা রহমান, আসাদুজ্জামান নূরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।