২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদীয়া সম্প্রদায় ১৭ এপ্রিল সাতক্ষীরায় বিশেষ নিরাপত্তা দাবি করেছে

আহমদীয়া মুসলিম জামাত সাতক্ষীরার শ্যামনগরে তাদের স্থাপনায় আগামী ১৭ এপ্রিল দ্রুত ও কার্যকরী নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। একটি উগ্রপন্থি ইসলামি গ্র“প ঘোষিত ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে মঙ্গলবার তারা এ দাবি জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

খতমে নবুয়ত আন্দোলন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঐ ঘেরাও কর্মসূচি ঘোষণা করে।

রাজধানীর বকশী বাজারে আহমদীয়া মুসলিম জামাতের মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সম্প্রদায়ের নেতারা জানান, মৌলবাদী আক্রমণের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।

লিখিত বিবৃতিতে আহমদীয়া সম্প্রদায়ের নায়েব জাতীয় আমির-২ অধ্যাপক মীর মোবাশ্বের আলী বলেন, গত ১১ মার্চ বগুড়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আহমদীয়া সম্প্রদায়ের মসজিদে খতমে নবুয়ত আন্দোলনের পক্ষে অবৈধ সাইনবোর্ড টাঙিয়ে দেশ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করেছে।

তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সদিচ্ছাই যথেষ্ট।

অধ্যাপক আলী বলেন, সাতক্ষীরায় আহমদীয়া সম্প্রদায়ের প্রতি মৌলবাদী হুমকির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় সারা দেশের সম্প্রদায়ভুক্ত জনগণ উদ্বিগ্ন।

তিনি বলেন, তাই আমরা নির্ধারিত হামলার পাঁচ দিন আগেই বিষয়টি সরকারকে জানিয়ে রাখছি।

গত মাসে একটি বাংলা দৈনিকে প্রকাশিত বগুড়ার একটি গ্রামে আহমদীয়া সম্প্রদায়ের হামলার সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, ওই মিথ্যা সংবাদটির প্রতিবাদ আমরা যথাসময়ে পাঠালেও দৈনিকটি তা ছাপেনি।

খতমে নবুয়ত আন্দোলন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার যতীন্দ্রনগর গ্রামে আহমদীয়া সম্প্রদায়ের মসজিদ ঘেরাওয়ের ডাক দিয়ে যে লিফলেট বিলি করেছে, সংবাদ সম্মেলনে তিনি তার কপি দেখান।

আহমদীয়া সম্প্রদায়ের প্রধান প্রচারক আব্দুল আওয়াল বলেন, জেলা শহর থেকে প্রায় ৮২ কিমি দূরে শ্যামনগরের ওই প্রত্যন্ত গ্রামাঞ্চলে  আহমদীয়া সম্প্রদায়ের প্রায় চার হাজার লোক রয়েছে।

তিনি বলেন, ওই গ্রামের সাথে আমাদের সম্প্রদায়ের আবেগ জড়িয়ে আছে। ১৯৯৯ সালে খুলনায় আহমদীয়া সম্প্রদায়ের মসজিদে নৃশংস বোমা হামলার ছয় শহীদের কবর এই গ্রামে।

 শ্যামনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ব্যর্থ হতে পারে, এই আশঙ্কায় তিনি আহমদীয়া সম্প্রদায়ের সমর্থনে সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

আব্দুল আওয়াল বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং বর্তমানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। প্রশাসনের প্রতি আমরা আস্থাশীল এবং ১৭ এপ্রিল তার প্রতিফলন দেখা যাবে বলে আমরা আশা করছি।

সংবাদ সম্মেলনে আহমদীয়া জামাতের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সাধারণ সম্পাদক কাসর আলী মোল্লাও  উপস্থিত ছিলেন।