২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের প্রধানমন্ত্রীকে এশিয়ায় দারিদ্র নিরসনে বলিষ্ঠ ভূমিকা রাখতে শেখ হাসিনার আহ্বান

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র প্রতি এশিয়ার দেশগুলোতে দারিদ্র নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

তিনি একইসঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের আদলে এশিয়ার জনগণের জন্য এশিয়ান পার্লামেন্ট গড়ে তুলতে তাকে নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখার আহ্বান রাখেন ।

শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয় চীনা প্রধানমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শেখ হাসিনা একথা জানান।

তিনি বলেন, বাংলাদেশ-চীনের কূটনৈতিক মৈত্রীর ৩০ বছরপূর্তি উপলক্ষে আমি চীনা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছি। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সুসম্পর্ক দীর্ঘদিনের।

বিরোধী দলীয় নেতা বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে বাংলাদেশে চীনা  বিনিয়োগ হয়েছে সবচেয়ে বেশী। এ প্রসঙ্গে তিনি বঙ্গবন্ধু বহুমুখী সেতু, ঢাকায় আন্তর্জাতিক ন্যাম সম্মেলন কেন্দ্র, বরিশালে গাবখান সেতু, জ্বালানী খাত, ডিজিটাল টেলিফোনসহ বিভিন্ন সেক্টরে চীনা বিনিয়োগের কথা উল্লেখ করেন।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের কর্মকাণ্ড দেখার জন্যে আগামী জুন মাসে চীনা প্রধানমন্ত্রীসহ অ্যাসোসিয়েশন অফ এশিয়ান পার্লামেন্টারিয়ান ফর পিস (এএপিপি) নেতৃবৃন্দকে সংস্থার পক্ষ থেকে ইউরোপ সফরের আমন্ত্রন জানানো হয়েছে।

শেখ হাসিনা চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলাপচারিতার প্রসঙ্গে আরও বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে চীনের অগ্রগতি হচ্ছে দ্রুত। অদূর ভবিষ্যতে আমাদের চীনা ভাষা শেখার কোনো বিকল্প থাকবে না। কেননা দেশেই আমাদের যুব সমাজের বেশী কর্মসংস্থান হবে।

ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ।