২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কংগ্রেশনাল মেডেল অব অ্যাচিভমেন্ট' পদক দেশের জনগণের উদ্দেশে উৎসর্গ করলেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে ফিলিপাইনের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’র দেয়া ‘কংগ্রেশনাল মেডেল অব অ্যাচিভমেন্ট’ পদক তিনি বাংলাদেশের জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বুধবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’র স্পিকার জোসে ডি ভেনিসিয়া জুনিয়র ফিলিপিনো ম্যানিলায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেন। অ্যাসোসিয়েশন অব এশিয়ান পার্লামেন্টস ফর পিস’র (এএপিপি) প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে এশিয়াকে একত্রিত করা, গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে অবদান রাখার জন্যে এ পদক দেয়া হয়। 

বৃহস্পতিবার তার ধানমণ্ডি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, এ সম্মান শুধু আমার নয়, বাংলাদেশের জনগণের। তাই, দেশবাসীর উদ্দেশে আমি এটি উৎসর্গ করলাম।

শেখ হাসিনার আগে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যাণ্ডেলা ও  মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এ পদক পেয়েছেন। চতুর্থ ব্যক্তি হিসেবে চীনের প্রেসিডেণ্ট হু জিনতাওকে মনোনীত করেছে ফিলিপাইনের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ।