কিবরিয়া হত্যার বিচার দাবিতে 'শান্তির সপক্ষে নীলিমা' কর্মসূচি, ঢাকায় নিরব পদযাত্রা অনুষ্ঠিত
সাবেক অর্থমন্ত্রী এসএমএ কিবরিয়ার হত্যাকান্ডের বিচারের দাবিতে ‘শান্তির সপক্ষে নীলিমা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীতে নিরব পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে কিবরিয়া হত্যাকান্ডের নির্দেশদাতাদের বিচারের দাবি জানিয়েছেন আসমা কিবরিয়া ।
বৃহস্পতিবার সকাল ১১ টায় মুক্তাঙ্গনে মানববন্ধনের মাধ্যমে আসমা কিবরিয়া আহুত এ কর্মসূচি শুরু হয়। এতে অংশ গ্রহণ করেন এসএমএ কিবরিয়ার ছয় বোন ও পুত্রবধূ রিনা কিবরিয়াসহ পরিবারের সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আখম জাহাঙ্গীর হোসাইন, হাজী সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নারী নেত্রী রওশন জাহান সাথী, অপু উকিলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং স্বত:স্ফ’র্ত সাধারণ মানুষ। নীল শাড়ি পরে অংশ নেন কয়েক শ তরুণী। নীল টুপি পরেও অংশগ্রহণ করেন অনেকে।
প্রায় ১৫ মিনিটের মানববন্ধন কর্মসূচি শেষে মুক্তাঙ্গন থেকে ইত্তেফাক মোড় অভিমুখে নিবর পদযাত্রা শুরু হয়। পদযাত্রা পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্তর হয়ে দৈনিক ইত্তেফাকের সামনে গিয়ে শেষ হয়।
নিরব মিছিলে অংশগ্রহনকারীরা কিবরিয়া হত্যাকান্ডের বিচার চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে। নগরীর ব্যস্ত এই সড়কে পদযাত্রা চলাকালে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় যানজট।
পদযাত্রা শেষে দৈনিক ইত্তেফাকের সামনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আসমা কিবরিয়া। সমাবেশে তিনি বলেন, আমার বিশ্বাস জনগণ সঙ্গে থাকলে কিবরিয়া হত্যাকান্ডের বিচার আদায় করতে সক্ষম হবো। তিনি আরও বলেন, প্রহসনমূলক তদন্ত হয়েছে। হত্যাকারিদের মুখোস উন্মোচন করতে হবে। ওপর থেকে যারা হত্যার নির্দেশ দিয়েছে,তাদের বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে।
