বিজয় আনতে পারবে এমন প্রার্থীকেই মনোনয়ন দেবে আওয়ামী লীগ, বিদ্রোহী হলেই বহিষ্কার
নির্বাচনে জয়ী হতে পারবে, কেবল এমন প্রার্থীকেই মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আগামী জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় নিশ্চিত করতে দলটি এমন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এক্ষেত্রে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট নেতা বা বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে বহিস্কারের সিদ্ধান্তও নেওয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক।
বিগত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকে দলীয় অর্ন্তকোন্দল ও বিদ্রোহী প্রার্থীর বিষয়টিকে আওয়ামী লীগ এবার বিশেষ সতর্কতার সঙ্গে দেখছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
একইসঙ্গে যোগ্য ও সঠিক প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করতে দলীয় হাই কমাণ্ডের পক্ষে নিরপেক্ষ জরিপের কাজ চালানো হচ্ছে। আর এ জরিপের ভিত্তিতে এবার আওয়ামী লীগের প্রার্থী তালিকায় অনেক নতুন মুখও দেখা যাবে।
সূত্র জানায়, আগামী সাধারণ নির্বাচনের জন্যে প্রায় দু শ আসনে মনোনয়ন চূড়ান্ত করে ফেলেছে আওয়ামী লীগ। নির্বাচনী প্রস্তুতি শুরুর জন্যে ইতোমধ্যেই হাইকমাণ্ড থেকে তাদের ‘গ্রীণ সিগন্যাল’ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে সম্ভাব্য প্রার্থীরা স্ব-স্ব এলাকায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নির্বাচনী প্রচারণার কাজ চালাচ্ছেন।
অন্যদিকে, এসব নির্বাচনী এলাকার অনেক ক্ষেত্রে ইতোমধ্যেই বিকল্প প্রার্থী হিসেবে একাধিক নেতা মনোনয়ন পেতে লবিং শুরু করেছেন। স্থানীয়ভাবে নিজের পক্ষে নেতা-কর্মীদের সমর্থন আদায় করতে চেষ্টা চালাচ্ছেন তারা। দলীয় হাইকমাণ্ডের কাছে পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগও উত্থাপন করা হচ্ছে। সূত্রমতে, প্রার্থীতা নিয়ে গত নির্বাচনে মাঠ পর্যায়ে সৃষ্ট কলহ মেটেনি অনেক এলাকায়।
এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেছেন, গত নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ছিল, তাদের উল্লেখযোগ্য সংখ্যক ভোট দলের মনোনীত প্রার্থীরা পায় নি। কিন্তু তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারিনি। ফলে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিয়ে আমাদের অনেক ক্ষতি করেছে।
তবে আগামী নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে যদি কেউ নির্বাচনী কার্যক্রমে লিপ্ত হয়, তবে সরাসরি তাদের বহিষ্কার করা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, দলের সিদ্ধান্ত হলো, দলের স্বার্থের চেয়ে কেউ যদি ব্যক্তি স্বার্থ বড় করে দেখে নির্বাচনে যায়, তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্টদের আর সংগঠন করতে দেয়া হবে না বলেও তিনি হুঁশিয়ার করে দেন।
আগামী নির্বাচনের জন্যে অগ্রিম প্রস্তুতি বিষয়ে এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, কতগুলো আসন আছে যেগুলোতে বিকল্প কোনো প্রার্থীর কথা চিন্তা করা যায় না। ওই সকল এলাকায় ‘ন্যাচারাল সিলেকশন’ হবে।
ঐক্যবদ্ধ আন্দোলনরত দলকে সাথে নিয়ে বা জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ বাস্তবতার ভিত্তিতে শরিকদের একশ’রও বেশি আসন ছেড়ে দিতে প্রস্তুত বলে আব্দুল জলিল জানিয়েছেন।
এদিকে, সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সম্ভাব্য মনোনয়ন নিয়ে অনেক এলাকায় দলীয় অন্তর্কোন্দল আবারো মারাত্মক রূপ নিচ্ছে। প্রতিদিনই বিভিন্ন এলাকার নেতারা সশরীরে সাক্ষাৎ করে অথবা কোনো কোনো ক্ষেত্রে চিঠি দিয়ে দলীয় প্রধান বা সাধারণ সম্পাদকের কাছে জানানো হয় এসকল অভিযোগ। আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশে একটি বিশেষ টিম এ ব্যাপারে কাজ করছে। তারা এ সকল অভিযোগ ফাইল করে তা খতিয়ে দেখছে।
প্রার্থী নির্বাচন বিষয়ে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে জানান, ব্যাপক যাচাই-বাছাই করে উপযুক্ত প্রার্থীকেই এবার মনোনয়ন দেয়া হবে। এ লক্ষ্যে দেশের তিনশ নির্বাচনী আসনের জন্যে পৃথক টিম সরাসরি আওয়ামী লীগ সভানেত্রীর তত্ত্বাবধান ও নির্দেশনায় কাজ করছে। এসকল টিম ইতোমধ্যে তিন দফা জরিপ চালিয়েছে। এই জরিপ কাজ এতটাই গোপনীয়তার সাথে করা হচ্ছে যে, সম্ভাব্য প্রার্থী বা নেতারা টিমের কার্যক্রমের ব্যাপারে কোনো তথ্য জানতে পারবেন না।
তিনি বলেন, প্রফেশনাল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এ জরিপ কাজ চালানো হচ্ছে। সঠিক প্রার্থী বাছাই নিশ্চিত করতে এটি একটি ‘প্রফেশনাল এক্সারসাইজ’ বলে মন্তব্য করেন সাবের চৌধুরী । তিনি বলেন, এ পদ্ধতিতে প্রার্থী সম্পর্কে তথ্য সংগ্রহের কারণে যোগ্য প্রার্থীদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা কমে যাবে।
তিনি বলেন, জরিপকালে শুধু আওয়ামী লীগ নয়, সকল দল ও সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে কথা বলে জরিপ রিপোর্ট তৈরী করা হচ্ছে। অপরাপর দলের সম্ভাব্য প্রার্থী সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকছে জরিপ রিপোর্টে। তিনি জানান, জরিপ সম্পন্ন হলে রিপোর্ট সরাসরি সভানেত্রীর কাছে পেশ করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়নের ব্যাপারে দলের জন্যে ত্যাগ স্বীকারের পাশাপাশি এলাকায় জনপ্রিয়তা ও ভোট যুদ্ধে জয় ছিনিয়ে আনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখা হচ্ছে। আগামী নির্বাচনে দলের বিজয় ও আওয়ামী লীগের সরকার গঠনের বিষয়টিকে মাথায় রেখেই প্রার্থী নির্বাচন করা হবে। তাই কাকে দিয়ে আসন নিশ্চিত করা যায়, তা বিশেষভাবে প্রাধান্য পাবে। এক্ষেত্রে গত বারের তুলনায় এবার নতুন অনেক মুখ দেখা যেতে পারে বলে তিনি আভাস দেন।
এদিকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের জন্যে সংগঠন পুরোপুরি প্রস্তুত কি না, প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিডিনিউজকে বলেছেন, একদিকে আন্দোলন, অন্যদিকে সংগঠন - এভাবে গুছিয়ে নিয়ে আমরা কাজ করছি। আমাদের ৬৯টি সাংগঠনিক জেলার মধ্যে ৪৫টির সম্মেলন সম্পন্ন করেছি। ৩২টি জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বাকিগুলোর কাজ চলছে।
দলীয় অন্তর্কোন্দল ও গ্র“পিং প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, আওয়ামী লীগ একটি বৃহত্তম গণতান্ত্রিক দল। একেবারে মাঠ পর্যায় পর্যন্ত আমাদের প্রচুর সংখ্যক যোগ্য নেতা রয়েছে। তাই মনোনয়ন বা পদ নিয়ে প্রতিযোগিতা থাকতেই পারে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ কত আসন পাবে, জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি দাবি করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে, ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবে।
