সন্তু লারমা শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারকে আবারও তাগাদা দিয়েছেন
পার্বত্য আঞ্চলিক পারিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা আবারও শান্তিচুক্তি বাস্তবায়নের বিষয়ে সরকারকে জোর তাগাদা দিয়েছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বুধবার অনুষ্ঠিত সরকারের এক উচ্চ পর্যায়ের সভায় তিনি এই তাগাদা দেন।
বৈঠক শেষে সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বিডিনিউজকে বলেন, শান্তিচুক্তির সার্বিক বিষয়ে আমরা মতবিনিময় করেছি। তিনি জানান, বৈঠকে পার্বত্য চট্টগ্রামের আইন, বিধি, প্রবিধান, উন্নয়ন, প্রশাসন, আইন-শৃঙ্খলার নানা বিষয় প্রধান্য পায়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বিডিনিউজকে বলেন, এটি মূলত একটি দ্বিপক্ষীয় মতবিনিময়মূলক বৈঠক। তিনি বলেন, এই বৈঠকের পর আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের সঙ্গে সরকারের সৌহার্দ্য আরও বাড়বে।
বৈঠকে অন্যান্যের মধ্যে আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান নক্ষত্রলাল দেববর্মন, বান্দরবান জেলা পরিষদ প্রতিনিধি লুসাই মং, মন্ত্রণালয়ের সচিব শাজাহান মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, এতে শান্তিচুক্তি অনুযায়ী আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের প্রবিধানমালা প্রণয়ন, ভূমি ও ভূমি ব্যবস্থাপনার পরিধি ও কার্যক্রম, জেলা পরিষদের কাছে আইন-শৃঙ্খলার কর্তৃত্ব হস্তান্তর ইত্যাদি বিষয় প্রধান্য পায়।
বৈঠকে শান্তিচুক্তির খুটিনাটি নানা বিষয় পর্যবেক্ষণ ও পরিষদগুলোর প্রবিধানমালা গঠনের জন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই কমিটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দুজন, আঞ্চলিক পরিষদের দুজন এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা পারষিদের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত হবেন।
