সংকীর্ণতার উর্ধ্বে উঠে জোটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন, আন্দোলনে সক্রিয় অংশ নিন : আব্দুল জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ক্ষমতাসীন জোটের হাত থেকে দেশ-জাতিকে বাঁচাতে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষের সকল দল ও সংগঠনকে সংকীর্ণতার উর্ধ্বে উঠে চলমান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধুর আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ালে অত্যাচারি-ব্যর্থ জোটের বিরুদ্ধে দেশে গণবিপ্লব সংঘটিত হবে।
‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, ড. মির্জা আব্দুল জলিল, ওবায়দুল কাদের, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মোতাহার হোসেন মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।
জাতীয় জাদুঘরের সাবেক মহা পরিচালক সামসুজ্জামান খান সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন।
