ধ্বংসের রাজনীতির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার প্রধান বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছেন, তারা এখনও দুর্ভিক্ষের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। আর সে কারণেই তারা সরকারের উন্নয়ন কর্মকা্েডর বিরোধীতা করছে।
রাজবাড়ীর পাংশা কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, যথা সময়ে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।
বেগম জিয়া প্রধান বিরোধী দল আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, ক্ষমতায় যেতে পারবে না বুঝে তারা ইস্যু বিহীন আন্দোলনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
ধ্বংসের রাজনীতির বিরুদ্ধে তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে তার সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে।
বিএনপি চেয়ার পার্সন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে তুলে ধরে বলেন, বিরোধী দল উন্নয়ন ও উৎপাদনের ধারাকে ব্যাহত করতে চায়।
এর আগে প্রধানমন্ত্রী পাংশা থানায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করেন।
স্থানীয় সংসদ সদস্য নাসিরুল হক সাবুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, কে এম ওবায়দুর রহমান, অধ্যাপিকা জাহানারা বেগম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ওমর খৈয়াম ও অধ্যাপক সোহরাব হোসেন এমপি।
