জামাতে ইসলামীর সমালোচনা ইসলামের বিরুদ্ধে কথা বলার সমতুল্য: নিজামী
শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বৃহস্পতিবার বলেছেন জামাতে ইসলামীর বিরুদ্ধে কথা বলা মানে ইসলামের বিরোধিতা করা। তিনি আরও বলেন, ইসলামের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মানে মানবতার বিরোধিতা করা।
জামাতে ইসলামী নগর শাখা আয়োজিত রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে ‘ওলামা মাশায়েখ কনফারেন্সে’ দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে সুপার পাওয়ার হিসেবে পরিচিত দেশটি বিশ্বে সর্বব্যাপী ক্ষমতা প্রতিষ্ঠার পথে ইসলামকে পথের বাধা হিসেবে বিবেচনা করছে। ইসলামের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারণাকে তিনি ইহুদীদের একটি কৌশল বলে মনে করেন।
জামাতের আমীর নিজামী আরও বলেন, আফগানিস্তান ও ইরাকে এখন নৈরাজ্য চলছে এবং এ ঘটনাগুলো বিশ্বে শান্তির প্রক্রিয়াকে বিঘিœত করছে।
নিজামী ওলামাদের সতর্ক করে দিয়ে বলেন ইসলামবিরোধী পক্ষগুলো এক শ্রেণীর বিপথগামী ওলামাদের সঙ্গে ষড়যন্ত্রের নীলনক্সা তৈরি করেছে।
তিনি বলেন, ‘প্রকাশ্যে যে সব ইসলামী সংগঠন রয়েছে তাদের সাথে বাংলাদেশের জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের লেজুড় সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ প্রচারণা চালিয়ে আসছে, দেশে ৫৮ টি ইসলামী জঙ্গী সংগঠন রয়েছে, কিন্তু বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
