২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতার অভূতপূর্ব সাড়া প্রমাণ করে মানুষ হত্যা-সন্ত্রাস চায়না : আসমা কিবরিয়া

সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া তার আহ্বানে সাড়া দিয়ে কিবরিয়া হত্যার প্রতিবাদে দেশ-বিদেশের লাখো মানুষ ‘রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর’ কর্মসূচিতে অংশ নেয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মানিক মিয়া এভিনিউতে আয়োজিত স্বাক্ষর প্রদর্শনী চলাকালে সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, হত্যা-সন্ত্রাসের বিরুদ্ধে অভূতপূর্ব সাড়া মিলেছে।র্  মানুষের স্বত:স্ফ’ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে, তারা হত্যা-সন্ত্রাস চায় না। সরকারও নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছে।

তিনি জানান, এ গণস্বাক্ষর পর্যায়ক্রমে দেশের সকল বিভাগে প্রদর্শন করা হবে।

কিবরিয়ার পুত্রবধূ রিনা কিবরিয়া জানান, এত দীর্ঘ স্বাক্ষরের ব্যানার বিশ্বে এটাই প্রথম। এটা গিনেস বুক অব রেকর্ডস-এ স্থান পেতে পারে।

কর্মসূচি চলাকালে বিশিষ্ট আইনজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, কিবরিয়া হত্যার বিচার দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ও কার্যকর তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে বিচার চাই আমরা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি কিবরিয়া হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, জোট সরকারের আমলে দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমরা বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এ কর্মসূচি গোটা জাতিকে নতুন চেতনায় আন্দোলনের জন্যে উদ্বুদ্ধ করেছে। আমরা জোট সরকারের পতন ঘটিয়ে কল্যাণমুখী সরকার গঠনের মাধ্যমে কিবরিয়াসহ সকল হত্যার বিচার নিশ্চিত করবো।