২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে দূরপাল্লার যানবাহন চালাতে পরিবহন মালিকদের সিদ্ধান্ত

হরতালের মধ্যেও দূরপাল্লার যানবাহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকরা। বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত ঘোষণা করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 05:21 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান জিএম সিরাজ এমপি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমরা হরতাল চলাকালে দিনের বেলায়ও দূরপাল্লার বাস-ট্রাক চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, সরকার হরতালে যানবাহন চলার সময় সড়ক পথে পুলিশী নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। বিরোধী দলের ডাকা ৩১ মার্চের হরতালের সময়ও যথারীতি ঢাকার গাবতলী, মহাখালি ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বাস, মিনিবাস ও ট্রাক চলাচল করবে।

তিনি বলেন, দূরপাল্লার কোচগুলোর জন্য পর্যাপ্ত পুলিশ প্রহরা থাকবে।

বিএনপি সাংসদ জিএম সিরাজ এক প্রশ্নের জবাবে বলেন, হরতাল সমর্থকদের সহিংসতায় কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে যানবাহন মালিক এবং যাত্রীদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়েও সরকার সম্মত হয়েছে।

পরিবহন নেতৃবৃন্দ হরতালের বিকল্প খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। সিরাজ বলেন,  রাজনৈতিক দলসমূহের প্রয়োজনে মানবপ্রাচীরের মতো ক্ষতিহীন কর্মসূচিতে আমরা বিনা ভাড়ায় আমাদের গাড়ি ব্যবহার করতে দিতেও সম্মত আছি।

পরিবহন নেতৃবৃন্দের মধ্যে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আ. রশিদ খান, কফিল উদ্দিন, শামসুজ্জামান সেন্টু, জালাল উদ্দিন ও আ. রহিম খান।

অপর দিকে,  এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে আওয়ামী লীগ সাংসদ ও  পরিবহন নেতা শাহজাহান খান বিডিনিউজকে বলেন, হরতাল করা একটি গণতান্ত্রিক অধিকার। এতে কারোর বাধা সৃষ্টি করা উচিত নয়।

তিনি আরও বলেন, হরতাল পালন করা হবে কি হবে না সে সিদ্ধান্ত নেবে পরিবহন শ্রমিকরা। বরং দেখা যাক, কী হয়।