আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যবহার করে : মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ক্ষমতায় যাওয়ার সিড়ি হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তাদের জন্য কিছুই করেনি। বিএনপি মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করলেও তাদের ক্ষমতার সিড়ি হিসেবে ব্যবহার করতে চায়না।
শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পল্টন ময়দানে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মালেক।
আলোচনায় অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বন ও পরিবেশ মন্ত্রী এম তরিকুল ইসলাম, ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গীতিকার মনিরুজ্জামান মনির, কবি আব্দুল হাই সিকদার প্রমুখ।
বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া বিরোধী দলের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, দেশটা কোন দলের নয়, সকলের। শুধু সরকারে গিয়ে নয়, বিরোধী দলে থেকেও দেশের সেবা করা যায়। কিন্তু বিরোধী দল আওয়ামী লীগ দেশের কথা ভাবে না। তারা শুধু দলের ও ব্যক্তির স্বার্থ ভেবে রাজনীতি করে। তিনি বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনীতি সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
