২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিএনপি’র ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, রাজনীতিতে সাধারণ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা এবং উৎপাদনের রাজনীতির মাধ্যমে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে হবে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বুধবার নগরীর জিয়া হলে খুলনা বিভাগীয় বিএনপি’র ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্বকালে তারেক রহমান এ কথা বলেন।

গণতন্ত্রের জন্য যে কোনো হুমকি ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে বলে তিনি জানান। সন্ত্রাস দমনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন’র (র‌্যাব) বিশেষ অভিযান বর্তমান সরকারের শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

মঙ্গলবার রাতে কালবৈশাখির কারণে সম্মেলনের নির্ধারিত স্থান জেলা ষ্টেডিয়ামের পরিবর্তে নগরীর জিয়া হলে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রি ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুপস্থিতিতে সম্মেলনে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন বন ও পরিবেশ মন্ত্রি তরিকুল ইসলাম।

তিনি বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নে সরকার নিসরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রি আব্দুল্লাহ আল নোমান, হুইপ মো: আশরাফ হোসেন, সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান, মহানগর বিএনপি সভাপতি এম. নুরুল ইসলাম এমপি, আলী আজগর লবী এমপি, সাতক্ষীরা জেলা বিএনপি’র সভাপতি হাবিবুল ইসলাম হাবিব এমপি ও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল প্রমুখ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রি আমানউল্লাহ আমান, রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু, এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, জয়নাল আবেদীন ফারুক এমপি, ইলিয়াস আলী এমপি প্রমুখ।