পানি বন্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশ ন্যায্যভাগ পানি পাচ্ছে: পানিসম্পদ মন্ত্রী
পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম রোববার বলেন, কিছু কারিগরি ত্র“টি সত্ত্বেও ভারতের সাথে ১৯৯৬ সালে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশ তাদের পুরো ভাগ পানি পাচ্ছে।
তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত ৪০ বছরের এ চুক্তিতে নির্ভরযোগ্য কোনও ধারা ছিল না। কিন্তু তারপরও বাংলাদেশ কম পানি পাচ্ছে না। তবে এর দুর্বলতাগুলো দূর করার জন্য বাংলাদেশ চুক্তিটি পুনর্বিবেচনার চিন্তা ভাবনা করছে।
মন্ত্রণালয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, ভারত নদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন না করার আশ্বাস দিয়েছে।
তিনি বলেন, ভারত যদি উপদ্বীপ সংক্রান্ত নদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করে তবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা যতদুর জানি এ কারণে ভারত হিমালয় সংক্রান্ত নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের জন্য পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে।
হাফিজউদ্দিন বলেন, বাংলাদেশ ভারতের সাথে পানি বন্টন ছাড়াও নদী সংযোগ প্রকল্প নিয়ে আলোচনায় বসতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু বিভিন্ন অজুহাতে ভারত কুটনৈতিকভাবে এ আলোচনা অনুষ্ঠানে সময়ক্ষেপন করছে।
এক প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি খুবই শক্তিশালী। বাংলাদেশ অন্যান্য দেশের সাথে এর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। ভারত বাংলাদেশের খুবই ভাল বন্ধু। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করেছে। আমরা আশা করছি আগামীতেও ভারত পানি সমস্যাসহ দ্বিপাক্ষিক সমস্যা সমূহ সমাধানে সহযোগিতা করবে’।
মন্ত্রী জানান, পানি উন্নয়ন বোর্ড এই সরকারের গত তিন বছরে ৪২ টি প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মধ্যে রয়েছে ২৩০ কিলোমিটার নতুন বাঁধ নির্মান, ১২০ কিলোমিটার রাস্তা নির্মান, ১৫০০ কিলোমিটার খাল খনন, ৭৫০ হাইড্রোলিক কাঠামো, ২১৭ টি সেতু ও কালভার্ট এবং ১৬ টি রিভার ক্লোজার নির্মান।
তিনি আরও জানান, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে সরকার আরও কিছু প্রকল্প হাতে নিয়েছে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও যৌথ নদী কমিশনের সদস্য তৌহিদুল আনোয়ার।
