২৬ মার্চ ঢাকায় আওয়ামী লীগের স্বাধীনতা মিছিল
স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ আওয়ামী লীগ ঢাকায় স্বাধীনতা মিছিল বের করবে। শুক্রবার দলের ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী সংসদের সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে : ২৬ মার্চ সকাল পৌনে ৬টায় দলের সকল কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সাড়ে ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পূষ্পার্ঘ্য অর্পণ।
বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউতে জমায়েত শেষে বের করা হবে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য মিছিল। সারাদেশে একই ধরণের কর্মসূচি পালন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
এছাড়াও আগামী ২০ মার্চ দেশের সকল থানায় গণঅনাস্থা প্রাচীর, ২৩ মার্চ দেশব্যাপি বিক্ষোভ সমাবেশ ও ভুখা মিছিল এবং ২৭ মার্চ আহূত হরতাল সফলের ব্যাপারে সভায় আলোচনা হয়।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
