২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্নেস অয়েলের মূল্যহ্রাস দাবি করেছে শিল্প মালিকরা

মার্চের ৩১ তারিখের মধ্যে ফার্নেস অয়েলের মূল্য লিটারপ্রতি ৬ টাকা ধার্য করা না হলে ব্যাপক আন্দোলনে যাওয়ার হুমকি দেন ফার্নেস অয়েল চালিত শিল্প মালিকরা ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 07:57 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার গ্যাস এ্যান্ড ফার্নেস অয়েল কনসিউমার্স এ্যাসোসিয়েশন (বিআইপিজিএফওসিএ) বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ হুমকি উচ্চারণ করে।

সংস্থার সভাপতি হাসান সালাম বলেন, “রাজধানীর আশপাশের ও উত্তরাঞ্চলের হাজার হাজার রপ্তানিমুখী সিরামিক ও স্টিল কারখানা ফার্নেস অয়েলের ওপর নির্ভরশীল যা এখন বন্ধ হওয়ার পথে।

তিনি অভিযোগ করেন, ফার্নেস অয়েলের মূল্য লিটারপ্রতি ৬ টাকায় বেঁধে দেয়ার সিদ্ধান্ত সত্ত্বেও জ্বালানি মন্ত্রী ২০০৪ সালের জুন মানে এর মূল্য লিটারপ্রতি ১২ টাকা করেন।

হাসান আরো অভিযোগ করেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত কিছুদিন ধরে ফার্নেস অয়েল সরবরাহ বন্ধ রাখায় কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

তিনি প্রশ্ন করেন,“সব কারখানা গ্যাস পাচ্ছে না। এ অবস্থায় যদি ফার্নেস অয়েল সরবরাহ বন্ধ থাকে তাহলে কিভাবে আমরা উৎপাদন চালু রাখব ?”

বক্তারা বলেন, বাংলাদেশের বার্ষিক ফার্নেস অয়েল চাহিদা প্রায় ৩ লাখ টন।

সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন বলেন, “জ্বালানি মন্ত্রী ২০০২ সালের জানুয়ারিতে ফার্নেস অয়েলের দাম সাড়ে ছয় টাকা থেকে ১০০ শতাংশ বাড়িয়ে সাড়ে বার টাকা করেন যার ফলে শত শত ছোট ও মাঝারি কারখানা বন্ধ হয়ে যায়।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং সহ-সভাপতি আলহাজ লোকমান হোসেন।