আওয়ামী লীগ সাংসদরা এখন ‘ল ব্রেকার’র ভূমিকায় অবতীর্ণ হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, সংসদ সদস্যদের আমরা ‘ল মেকার’ হিসেবে জানলেও আওয়ামী লীগ সাংসদরা এখন ‘ল ব্রেকার’র ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মার্চেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ঘোষণা ও আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশবাসীকে কেবল দুুর্ভিক্ষ ও দুঃশাসন উপহার দিয়েছে। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ’
বিরোধী দলের ‘ধ্বংসাত্মক’ রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, ‘তারা আন্দোলনের নামে জনগণের গাড়ি ভাঙ্গছে, ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, মানুষকে জীবন্ত পুড়িয়ে মারছে। তারা বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। তাই এদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।’
চাঁদুপর জেলা বিএনপির সভাপতি এসএ সুলতানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডঃ খন্দকার মোশারফ হোসেন। এছাড়াও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ, শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন প্রমুখ জনসভায় বক্তব্য রাখেন।
এর আগে প্রধানমন্ত্রী নবনির্মিত চাঁদপুর শিশু পরিবার ভবন, চাঁদপুর সেতু, ২০০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতাল ভবন উদ্বোধন এবং প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
