তত্বাবধায়ক সরকার বিতর্কের উর্ধ্বে নয়: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন পদ্ধতি সংস্কারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে তত্বাবধায়ক সরকার বিতর্কের উর্ধ্বে উঠতে পারেনি। তাই এ পদ্ধতির সংস্কার করতে হবে।
বুধবার রাজধানীর একটি হোটেলে জাতীয় ছাত্র সমাজের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য বিদিশা এরশাদ, কাজী ফিরোজ রশিদ, শফিউল আলম প্রধান, গোলাম মোহাম্মদ রাজু প্রমুখ।
এরশাদ বলেন, বর্তমান নির্বাচন পদ্ধতিতে সৎ, যোগ্য ও দক্ষ রাজনীতিকদের পক্ষে নির্বাচনে জয়লাভের কোনো সুযোগ নেই। কালো টাকা ও অস্ত্রের জোরে নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত হয় না।
তিনি বলেন, গণতন্ত্র ও শান্তির জন্য আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলেও দেশে শান্তি ফিরে আসেনি। জনগণ গণতন্ত্রের স্বাদ পায় নি। দেশের মানুষ চরম নৈরাজ্যের মধ্যে বসবাস করছে।
সাবেক রাষ্ট্রপতি বলেন, সংসদ অকার্যকর হয়ে পড়েছে। সংসদে জনগণের কথা বলা হয় না। সেখানে কটুক্তি, কুৎসা, হিংসা ও রেষারেষির কথা শোনা যায়। অবস্থায় দেশ চলতে পারে না। এ পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে জাতীয় পার্টির আর কোনো বিকল্প নেই।
