২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদলের গণ অনাস্থা প্রাচীরে হাজারো মানুষের অংশ গ্রহণ

জোট সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করতে বিরোধীদলের ডাকা গণ অনাস্থা প্রাচীর কর্মসূচিতে রোববার হাজারো মানুষ হাতে হাত ধরে রাস্তার দু’পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে অংশ নেয়। তারা শ্লোগান দেয় ‘ব্যর্থ-খুনি-বোমাবাজ এই সরকার আর না’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল ঢাকাসহ ছয়টি মহানগরী ও দেশের সকল জেলা সদরে এ গণ অনাস্থা প্রাচীর কর্মসূচির ডাক দেয়।

বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত এক ঘন্টার এ কর্মসূচির মাধ্যমে সরকার পতনের ধারাবাহিক আন্দোলন আরো এক ধাপ এগিয়ে গেল বলে আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা মন্তব্য করেছেন। তারা বলেন, এক কেন্দ্র-এক মঞ্চের এ আন্দোলনের মাত্রা আরো তীব্রতর হবে।

সাংবাদিকদের কাছে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেন, শত বাধা অতিক্রম করে স্বত:স্ফূর্ত লাখো জনতা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আর এর  মাধ্যমে চলমান ঐক্যবদ্ধ আন্দোলনে বৃদ্ধি পেয়েছে গণমানুষের সম্পৃক্ততা ।

তারা বলেন, দেশের সর্বস্তরের মানুষের স্বত:স্ফ’র্ত অংশগ্রহণ আবারো প্রমান করেছে এ সরকারের কোনো গণভিত্তি নেই। রাষ্ট্র ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।

বিকেল ৪ টায় কর্মসূচির শুরু হয় বাঁশি বাজিয়ে। এর ঠিক একঘন্টা পর বিকেল ৫ টায় আবারো বাঁশি বাজিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

রাজধানী ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি প্রায় শান্তিপূর্ণভাবে পালিত হলেও কয়েক স্থানে পুলিশ বাধা দেয়। ঢাকায় সচিবালয়ের উত্তর দিকের রাস্তায় পুলিশ অনাস্থা প্রাচীরের একটি ব্যানার কেড়ে নেয় এবং কর্মীদের ওপর লাঠিচার্জ করে। 

ঢাকায় কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত কর্মসূচিতে আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের শীর্ষ নেতারা অংশ নেন। এদের প্রায় সকলেই নগরীর পল্টন-মুক্তাঙ্গন-জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে একযোগে জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ হানিফ, সুরঞ্জিত সেন গুপ্ত, ওবায়দুল কাদের, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতার এ সময় উপস্থিত ছিলেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, গণ ফোরাম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, সিপিবি সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ১১ দলের সমন্বয়ক নুরুল ইসলাম, পংকজ ভট্টাচার্য, দিলীপ বড়–য়া, শরিফ নূরুল আম্বিয়া প্রমুখ মানব প্রাচীর কর্মসূচিতে নেতৃত্ব দেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নানা স্লোগান অংকিত রঙবেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোষ্টার বহন করে। এগুলোতে লিখা ছিল: জাগো জনতা-জোটকে হটাও, ২১ আগষ্টের গণ হত্যার জন্যে দায়ী জোট সরকার আর না, সশস্ত্র সাম্প্রদায়িক শক্তি উৎখাত করো, ভাত দে কাজ দে-নইলে গদি ছেড়ে দে, জাতীয় সরকার গঠন করো, দুর্নীতির কেন্দ্রবিন্দু হাওয়া ভবন বন্ধ করো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ এ সরকার আর না ইত্যাদি।

রাস্তার দু’পাশে হাতে হাত ধরে মানব প্রাচীর গড়ে তোলার কথা থাকলেও ঢাকার বিভিন্ন স্থানে কর্মসূচি চলাকালে কর্মীদের মিছিল করতে দেখা যায়। আওয়ামী সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন।

১৪ দলের এ কর্মসূচি চলাকালে রাজধানী কার্যত থমকে দাঁড়ায়। গণ অনাস্থা প্রাচীরের রুট ছাড়াও সংশ্লিষ্ট এলাকার রাস্তাগুলোতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।