মাদ্রিদ সম্মেলন শেষে হাসিনা লন্ডন হয়ে আমেরিকা যাচ্ছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাদ্রিদ সম্মেলন শেষে লণ্ডনে দু’দিন অবস্থানের পর রোববার আমেরিকার ওরল্যান্ডো যাচ্ছেন। সেখানে তিনি ২১ আগষ্টের গ্রেনেড হামলায় তার ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসা করাবেন।
এছাড়া আমেরিকায় একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। প্রবাসী বাঙালিসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি মতবিনিময়ও করবেন।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী শনিবার রাতে লণ্ডন থেকে টেলিফোনে বিডিনিউজ’কে জানান, স্পেনের মাদ্রিদে সন্ত্রাস বিরোধী চার দিনের আন্তর্জাতিক সম্মেলন শেষে শেখ হাসিনা শুক্রবার বিকেলে লণ্ডন যান। সেখানে ছোট বোন শেখ রেহানা ও তার পরিবার সদস্যদের সঙ্গে দু’দিন কাটানোর পর তিনি রোববার আমেরিকা যাবেন।
সাবের চৌধুরী জানান, আমেরিকায় আওয়ামী লীগ সভানেত্রীর কানের চিকিৎসা করানোটাই মূখ্য। তবে এর পাশাপাশি প্রবাসী বাঙালিসহ দলের নেতা-কর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করতে পারেন।
আমেরিকায় কানের চিকিৎসা শেষ করে স্বাধীনতা দিবসের আগে ২৪ অথবা ২৫ মার্চ শেখ হাসিনা দেশে ফিরবেন।
