হবিগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ ২৪ এপ্রিল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন মে’র দ্বিতীয় সপ্তাহে
হবিগঞ্জ-৩ আসনের সংসদীয় উপনির্বাচন আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে।
জানুয়ারির ২৭ তারিখে শাহ এএমএস কিবরিয়া নিহত হওয়ার পর থেকেই ওই আসনটি শূন্য রয়েছে। সংবিধান অনুযায়ী কোনও আসন শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনের সংসদীয় উপনির্বাচন সম্পন্ন করতে হবে। আর সে হিসেবে এপ্রিলের ২৬ তারিখে হবিগঞ্জ-৩ আসন শূন্য হওয়ার ৯০ দিন পূর্ণ হবে।
অন্যদিকে নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, মে’র দ্বিতীয সপ্তাহে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। কমিশন মে মাসে এইচএসসি পরীক্ষা আরম্ভ হওয়ার আগেই সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার চিন্তাভাবনা করছে।
নির্বাচন কমিশনার এমএম মুন্সেফ আলী শনিবার বিডিনিউজকে বলেন, কমিশন হবিগঞ্জ-৩ আসনের সংসদীয় নির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সিডিউল এখনও চূড়ান্ত করেনি।
তিনি জানান, এপ্রিলের ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে যে কোনও দিন হবিগঞ্জ-৩ আসনের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
তিনি বলেন, কমিশন কয়েক দিনের মধ্যেই নির্বাচনের দিন-তারিখ চূড়ান্ত করবে।
সূত্র জানায়, কমিশন শনিবার হবিগঞ্জ-৩ আসনের সংসদীয় উপ-নির্বাচন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের দিন-তারিখ চূড়ান্ত করার জন্য একটি বৈঠকের আয়োজন করলেও শেষ পর্যন্ত তারা কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।
বৈঠকে কমিশনের কর্মকর্তারা এপ্রিলের ২৪ তারিখে হবিগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করেন বলে সূত্র জানায়।
ওই প্রস্তাব অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ধরা হয়েছে মার্চের ২৯ তারিখ।
মার্চের ৩০ তারিখে মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং এক্ষেত্রে মার্চের ৭ তারিখ হবে প্রার্থীর নাম প্রত্যাহারের শেষ দিন।
নির্বাচন কমিশন শিগগির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঠিক ভোটার তালিকা প্রস্তুত করার জন্য মাঠে নামবে।
মুন্সেফ আলী বলেন, কর্পোরেশনের অনেক ভোটার জানে না যে, ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে।
তিনি বলেন, তালিকায় ভোটারদের নাম লিপিবদ্ধের ব্যাপারে ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।
সূত্র জানায়, মার্চের ১৭ তারিখে কমিশন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দিন-তারিখ ধার্য করার জন্য একটি বৈঠক করবে।
সূত্র আরও জানায়, ২০০০ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং সে অনুযায়ী পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের শেষ তারিখ হল ২৩ মে ।
